নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার সামনে পদ্মা নদী থেকে আহাদ আলী কাজল (৩৫) নামে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ১৭ দিন পরে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থলটি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভিতরে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। নিহত আহাদ আলী কাজল চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে। গত ৩ জানুয়ারি ব্যবসার কাজে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে যাননি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি এক সহকর্মীর সঙ্গে ব্যবসায়ীক কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন কাজল। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ওই দিনই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল তাঁর পরিবার।
গতকাল বিকেলে গোদাগাড়ী থানা সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গোদাগাড়ী নৌ পুলিশ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন।
নিহতের ছোট ভাই ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকাজলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, গত ৩ জানুয়ারি রাতে তাকে অপহরণ বা প্রলুব্ধ করে নিয়ে গিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়।
নিহতের ছোট ভাই বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে খুন করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচার চাই।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি নূরে আলম বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









