সদ্য প্রকাশিত
খেলা

চতুর্থ দিনের প্রথম সেশন বাংলাদেশের

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০১৭৩ মিনিট পড়া
চতুর্থ দিনের প্রথম সেশন বাংলাদেশের

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শনিবার ভোর সাড়ে তিনটায় শুরু হয়েছে। ওয়েলিংটন থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও চ্যানেল নাইন।

 

স্কোর: বাংলাদেশ ৫৯৫/৮ (ডিক্লেয়ার)

         নিউজিল্যান্ড ৪৪৬/৬

          নিউজিল্যান্ড ১৪৯ রানে পিছিয়ে। 

প্রথম সেশন: চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশ ৩ উইকেট তুলে নিয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড ৩৬ ওভারে তুলেছে ১১০ রান। বল হাতে সাকিব আল হাসান ২টি ও শুভাশিষ রায় ১ উইকেট নিয়েছেন। সাজঘরে ফিরেছেন টম লাথাম (১৭৭), কলিন ডি গ্র্যান্ডহোম (১৪) ও হেনরি নিকলস (৫৩)।

সাকিবের দ্বিতীয় উইকেট: টম লাথাম সাকিবের সোজা বলে সুইপ খেলতে গিয়ে এলবিডাব্লিউ হলেন ব্যক্তিগত ১৭৭ রানে। ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলার পর ডাবল সেঞ্চুরির পথে ভালোই এগিয়ে যাচ্ছিলেন বাঁহাতি ওপেনার। কিন্তু সাকিবের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ধরাশয়ী কিউই ওপেনার। ৩২৯ বলে ১৮ চার ও ১ ছক্কায় ১৭৭ রানের ইনিংসটি সাজান লাথাম। এর আগে পাকিস্তানের বিপক্ষে ২০১৪ সালে দুবাইয়ে ১৩৭ রান করেছিলেন টম লাথাম।

 
লাথামের দুই হাজার: ১৬২ রান তুলে টেস্ট ক্রিকেটে দুই হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন টম লাথাম।

শুভাশিষের প্রথম উইকেট: কলিন ডি গ্র্যান্ডহোমের উইকেট দিয়ে টেস্ট উইকেটের খাতা খুললেন পেসার শুভাশিষ রায়। ডানহাতি এ পেসারের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পিছনে ইমরুলের হাতে ক্যাচ দেন গ্র্যান্ডহোম। আউট হওয়ার দুই বল আগে একটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছিলেন গ্র্যান্ডহোম। ১৪ রান করেন ডানহাতি এ অলরাউন্ডার।

স্লিপে কঠিন ক্যাচ ছাড়লেন মিরাজ: লেগ স্লিপে দাঁড়িয়ে হেনরি নিকলসের ক্যাচ নিতে বেগ পেতে হয়নি মেহেদী হাসান মিরাজকে। কিন্তু দুই ওভার পর তৃতীয় স্লিপে দাঁড়িয়ে টম লাথামের কঠিন ক্যাচ ছাড়লেন তরুণ তুর্কী। কামরুল ইসলাম রাব্বীর বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার লাথাম। তৃতীয় স্লিপে দাঁড়ানো মিরাজ বাম দিকে লাফিয়েও বল তালুবন্দি করতে পারেননি। ১৫৮ রানে মিরাজের হাতে দ্বিতীয় জীবন পান লাথাম।

সাকিবের আঘাত: চতুর্থ দিনে নিজের দ্বিতীয় ওভারেই সাফল্য পেলেন সাকিব আল হাসান। সাকিবের ঘূর্ণিতে বধ হাফ-সেঞ্চুরিয়ান হেনরি নিকলস। সাকিবের লেগ স্ট্যাম্পের উপরের বল লেগ সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন নিকলস। কিন্তু লেগ স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দেন ৫৩ রান করা বাঁহাতি ব্যাটসম্যান। নিকলসের উইকেট তুলে নিয়ে ১৪২ রানের জুটি ভাঙলেন সাকিব।

লাথামের ক্যারিয়ার সেরা ইনিংস: পাকিস্তানের বিপক্ষে ২০১৪ সালে দুবাইয়ে ১৩৭ রান করেছিলেন টম লাথাম। রোববার এ রান টপকে যান বাঁহাতি এ ব্যাটসম্যান। এ প্রতিবেদন লিখা পর্যন্ত কিউই ওপেনার বাংলাদেশের বিপক্ষে করেছেন ১৪৫ রান। গতকাল ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়ে ১৩৬ রানে অপরাজিত থাকেন লাথাম।

সতর্ক শুরু: তৃতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান টম লাথাম ও হেনরি নিকলস চতুর্থ দিনের শুরু থেকেই সতর্ক ব্যাটিং করছেন। রান তোলার ক্ষেত্রে কোনো আগ্রাসন দেখাচ্ছেন না তারা। এরই মধ্যে হেনরি নিকলস হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন। দারুণ ব্যাটিং করছেন সেঞ্চুরিয়ান লাথামও।

মিরাজের হাতে নতুন বল: চতুর্থ দিনের শুরুতে পুরোনো বলে ৩ ওভার বোলিং করেন বোলাররা। চতুর্থ ওভারে নতুন বল পায় বাংলাদেশ। দ্বিতীয়বারের মত স্পিনার মেহেদী হাসান মিরাজের হাতে নতুন বল। সব মিলিয়ে নিয়ম অনুযায়ী ৮০ ওভার পর নতুন বল পেল বাংলাদেশ।

সূত্র: রাইজিংবিডি