নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ১২জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় অনন্ত আরো অর্ধশত আহত হয়েছে। গত তিন দিনে এসব দুর্ঘটনা ঘটে।
নওগাঁ :কাজী কামাল জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ী বাসষ্টান্ডেন এলাকায় বাসের চাপায় অটোরিকশার দুইযাত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন, মান্দা উপজেলার সাটইল গ্রামের মৃত লালমতের ছেলে তছলিম এবং একই গ্রামের লহির উদ্দীনের ছেলে আজিজুল।

মান্দা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, রাজশাহী থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাস বেলা ১২টার দিকে নওগাঁ-রাজশাহী সড়কের দেলুয়াবাড়ী বাসষ্টান্ডে পিছন দিক থেকে একটি যাত্রীবাহী অটোরিকসাকে চাপা দিলে ঘটনাস্থলেই তছলিম ও আজিজুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।ঘাতক বাসটি হেফাজতে নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: কামলা হোসেন জানায়, তার দুইদিন পর শনিবার দুপুর একটার দিকে বাহাদুর ও মুকুল মোটরসাইকেল যোগে কানসার্ট থেকে সোনামসজিদ আমবাগানে যাচ্ছিলেন। এসময় ধোপপুকুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আম গাছের সঙ্গে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। নিহতরা হলো- শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চককীর্তি বাজারের এনামুল হকের ছেলে মুকুল (৩০) ও কৃষ্ণচন্দ্রপুরের মকবুলের ছেলে বাহাদুর (৩২)। শিবগঞ্জ থানার এসআই জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক ও গোদাগাড়ী প্রতিনিধি বাতেন জানায়, রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। পৃথক এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত দশজন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রোবাবার সকাল ও বিকেলে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের খালাতো ভাই গোলাম কিবরিয়ার মেয়ে খাদিজাতুল কোবরা কেয়া (৩০), তার মেয়ে রাইসা খাতুন (৬), ছেলে আহনাফ (৫), মাইক্রোচালক মো. পলক, উপজেলার আচুয়াভাটা কসাইপাড়া গ্রামের মাংস ব্যবসায়ী জসীম উদ্দিন (২২), খরেদপুর গ্রামের ইমদাদ হোসেন চান্দু (৫০) ও সানারুল ইসলামের মেয়ে খুশবু তাজমীন (১৪)।
জানা যায়, উপজেলার মাটিকাটা ব্রিজের কাছে পৌঁছালে রাজশাহীগামী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই কেয়া ও তার মেয়ে রাইসা মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে মারা যান আহনাফ ও পলক। এঘটনায় কেয়ার স্বামী চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক আলমগীর হোসেন গুরুতর আহত হন।
গোদাগাড়ী থানার এসআই আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।
একইদিন সকাল ১০টায় উপজেলার খরেদপুর এলাকায় ট্রাক-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাজশাহী কারাগারে আটক সানারুলকে দেখতে খুশবু ও ইমদাদুল মটরসাইকেলযোগে রাজশাহীর উদ্দেশে রওনা দেন। পথে উপজেলার ছয়ঘাটি এলাকায় পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক মটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।
এর আগে সকাল ৬টায় উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রেলগেট মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী ট্রাক মাংসের দোকানে ঢুকে পড়লে তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় জসীম। সে আচুয়াভাটা কসাইপাড়া গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে দোকানে মাংস বিক্রি করছিলেন জসীম ও রহিম। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানে ঢুকে পড়ায় তারা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই জসীমের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলেই জসীমের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় রহিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ট্রাকটি জব্দ করেছি। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের প্রক্রিয়া চলছে।’
অন্যদিকে, রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ী ডিগ্রী কলেজের ব্রিজের উপর ট্রাকের ধাক্কায় পাগল নিহত হয়েছে। তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২ টার দিকে রাজশাহী ও চাঁপাইগামী দুটি ট্রাক গোদাগাড়ী কলেজের ব্রিজের উপর আসে এই এসময় রাস্তার উপরে এক পথচারী পার হচ্ছিলো। তাঁকে বাঁচাতে গিয়ে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়ে পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ওই পথচারী পাগল বলে স্থানীয়রা ধারনা করছেন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স/আ










