লাইফ স্টাইল

ঘরে বসে সহজে তৈরি করুন মুচমুচে পিঁয়াজের সমুচা

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবার খুব সহজে তৈরি করুন মুচমুচে পিঁয়াজের সমুচা। দেখে নিন প্রণালী।

উপকরণ
– দেড় কাপ ময়দা
– সিকি চা চামচ লবণ
– দেড় চা চামচ লেবুর রস
– ডিপ ফ্রাই করার জন্য তেল
– অল্প পানিতে আধা কাপ ময়দা মিশিয়ে তৈরি আঠা

পুরের জন্য
– ২টি বড় পিঁয়াজ কুচি
– আধা চা চামচ মরিচ গুরপ
– সিকি কাপ চিঁড়া গুঁড়ো
– লবণ স্বাদমতো
– ২ চা চামচ ধনেপাতা কুচি
– ২ চা চামচ তেল

প্রণালী
১) একটি পাত্রে ময়দা, লবণ এবং লেবুর রস মিশিয়ে নিন ভাল করে। উষ্ণ পানি অল্প অল্প করে দিয়ে একটি নরম খামির তৈরি করুন। ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন ২০ মিনিট।

২) এ সময়ের মাঝে পুর তৈরি করে নিন। একটি কড়াইতে তেল গরম করে নিন। গরম তেলে পিঁয়াজ দিয়ে মাঝারি আঁচে ভেজে নিন ৩-৪ মিনিট। মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। আঁচ বন্ধ করে দিন।

৩) পিঁয়াজের সাথে চিঁড়া গুঁড়ো এবং ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে রাখুন।

৪) খামির থেকে ছোট ছোট বল গড়ে নিন। বল থেকে ছোট পাতলা রুটি গড়ে নিন। একটি রুটির ওপর অল্প করে তেল মাখিয়ে এর ওপর আরেকটা রুটি দিন। এরপর দুটোকে একসাথে বেলে একটি রুটি তৈরি করে নিন। এভাবে সবগুলো বল থেকে রুটি তৈরি করে নিন।

৫) তাওয়া গরম করে নিন। এতে রুটির একেক দিন ২০ সেকেন্ড করে সেঁকে নিন, কিন্তু একেবারে ভালোভাবে সেঁকবেন না। তাওয়া থেকে নামিয়ে প্রতিটি রুটি থেকে দুইটি রুটি আলাদা করে নিন। এভাবে সবগুলো রুটি সেঁকে আলাদা করে নিন।

৬) প্রতিটি রুটি অর্ধেক করে কেটে নিন। ছবির মত করে ভেতরে পুর দিয়ে মুড়ে নিন। ময়দার আঠা দিয়ে বন্ধ করে দিন। ১০-১৫ মিনিট রেখে দিন এভাবে।

৭) ডিপ ফ্রাই করার জন্য বড় কড়াইতে তেল গরম করে নিন। মাঝারি আঁচে ৪-৫টি সমুচা একেক বারে ভেজে তুলুন। বেশি আঁচে ভাজবেন না, পুড়ে যেতে পারে। কড়াই থেকে তুলে তেল ঝরিয়ে নিন।

সস বা চাটনির সাথে পরিবেশন করুন মুচমুচে সমুচা।

সূত্র: অনলাইন