চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে মেডিক্যাল কলেজে চান্স পাওয়া দুজন শিক্ষার্থীকে ইউএনওর সহায়তার আশ্বাস

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ও রহনপুর ইউনিয়নের দরিদ্র মেধাবী দুজন শিক্ষার্থীকে সহায়তার আশ্বাস দিয়েছেন ইউএনও। সম্প্রতি তারা মেডিক্যাল কলেজে ভর্তির জন্য মনোনীত হওয়ায় তাদেরকে অফিসে ডেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে শিক্ষার্থী সুমাইয়া ও হাবিবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে তার সাথে সাক্ষাৎ করে। এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সুমাইয়া খাতুনের শিক্ষাপ্রতিষ্ঠান রহনপুর জ্ঞানচক্র একাডেমির পরিচালক ও রহনপুর মহিলা কলেজের প্রভাষক সারওয়ার হাবিব, হাবিবা খাতুনের শিক্ষা প্রতিষ্ঠান আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল্লাহ, সাংবাদিক নাহিদ ইসলাম, নুর মোহাম্মদ, সামিরুল ইসলাম ও সুমাইয়ার পিতা সাজেমান আলী।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা জানান, মেডিকেল শিক্ষার্থী সুমাইয়া ও হাবিবা ভর্তির সুযোগ পাওয়ায় গোমস্তাপুর উপজেলাবাসী গর্বিত। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এ দুজন শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তি ফি সহ অন্যান্য আনুষঙ্গিক খরচের যোগান দিবে গোমস্তাপুর উপজেলা প্রশাসন। এছাড়া তাদের পাশে সবসময় থাকার বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।