চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরের ক্লিনিকগুলোতে চলছে  অনৈতিক কর্মকান্ড

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০২৩২ মিনিট পড়া
গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়  যে সমস্ত  ক্লিনিক  ও ডায়াগনস্টিক সেন্টার  রয়েছে  সেগুলো  অনৈতিক কর্মকান্ডের আখড়ায় পরিনত হয়েছে। সম্প্রতি একটি ক্লিনিকের অন্যতম মালিকের তার নারী সহকর্মীর সাথে অনৈতিক কর্মকান্ডের ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ক্লিনিক কতৃপক্ষ তাকে অব্যাহতি দিয়েছে বলে জানিয়েছে।  বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে  ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অন্ধকার জগতের নানা তথ্য বেরিয়ে আসছে।
গোমস্তাপুর উপজেলায়  মোট ২৭ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার  রয়েছে। এ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার  নিয়ে নানা মুখরোচক  কথাও এলাকায় ভেসে বেড়াচ্ছে । দরিদ্র  ও মধ্যবিত্ত পরিবারের  মেয়েরা  কাজের সন্ধানে  ক্লিনিক গুলোয়  এলে তাদের মালিক পক্ষ থেকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হলে তাদের চাকরি হয় না বলে অভিযোগ করেন একাধিক চাকুরী প্রত্যাশী নারী।তারা আরও জানায়,যোগদানের পর থেকে  ক্লিনিক  মালিক ও ব্যবস্হাপনার দায়িত্বে থাকা  মানুষের  লোলুপ দৃষ্টি  তাদের উপর পড়ে।
পেটের তাগিদে  অনেকেই তাদের অনৈতিক প্রস্তাবে সাড়া দিতে বাধ্য হয়।কোন কোন ক্ষেত্রে তারা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এছাড়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো আসা বহিরাগত চিকিৎসকরাও নারী কর্মীদের সাথে অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ার তথ্য অনুসন্ধানে বেরিয়ে এসেছে।  এদিকে ক্লিনিকগুলোতে অনৈতিক কর্মকান্ডের ঘটনা প্রকাশ হওয়ায় এলাকার জনসাধারণ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।তারা জানান, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসক ও ক্লিনিক কতৃপক্ষের  অনৈতিক কর্মকান্ডের কারণে  নারী রোগীদের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা  ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডা: মোজাম্মেল হকের সঙ্গে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান, সম্প্রতি যে ঘটনাটি ভাইরাল হয়েছে তা ক্লিনিক মালিকের নিজস্ব ব্যাপার।
এখানে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা নেই। এ কারণে আমরা ওই ক্লিনিকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারছিনা।তবে কোন ক্লিনিকে অনৈতিক কর্মকান্ড হলে সেটি তাদেরই দেখা উচিত। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, ভুক্তভোগী কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।