নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি সহজ ও অভিগম্য করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” এর আওতায় গোদাগাড়ী উপজেলা প্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), তহসিলদারগণ এবং রক্ষাগোলা নেতৃবৃন্দ অংশ নেন। “ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা” শীর্ষক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম। সভায় সিসিবিভিও’র পক্ষে কী-নোট উপস্থাপন করেন সহ-সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুল মানিক, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, মনিল মারান্ডী, নন্দলাল টুডু, রঞ্জিত রায়, রুবেল মুর্মু, জুলিতা মুর্মু, মারিয়া হেম্ব্রম, বাপ্পি মার্ডী, ধনাই সরেনসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মো. আতিকুল ইসলাম এবং স্থানীয় সাংবাদিকরা।
মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সেবা প্রাপ্তির প্রতিবন্ধকতা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধানমূলক দিকনির্দেশনা দেন অনুষ্ঠানের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুল ইসলাম।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, “আমরা সবাই এ দেশের নাগরিক এবং প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে। উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হলে তাৎক্ষণিকভাবে জানাবেন। এছাড়া খাস পুকুর লিজের ক্ষেত্রে গ্রামভিত্তিক লিজ প্রদান করা যায় কি না, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।”









