নিজস্ব প্রতিবেদক :
সবুজ স্কুল, পরিচ্ছন্ন গ্রাম, বৃক্ষরোপণ আর পানির অপচয় রোধ করি, খরা সহিষ্ণু বরেন্দ্র গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে স্কুল ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।রাজশাহী আমের ব্যবসা
বুধবার (১৭ জুন) গোদাগাড়ী উপজেলার কাকনহাট ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানির সহায়তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ১৫টি বিজ্ঞান ক্লাব অংশগ্রহণ করে। বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও জনমত গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ৩৫ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজ্ঞান ক্লাবের সদস্য, শিক্ষক ও অতিথিরা একটি সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি কাকনহাট ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাকনহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারী বিজ্ঞান ক্লাবগুলো জলবায়ু পরিবর্তনবিষয়ক দেয়াল পত্রিকা প্রদর্শন করে। অতিথি ও অংশগ্রহণকারীরা দেয়াল পত্রিকা কর্নার পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিভিন্ন উপস্থাপনা ঘুরে দেখেন।
পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাকনহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জালাল উদ্দীন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সভাপতি অধ্যাপক মো. আবদুস সালাম, সিসিবিভিওর নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক মো. সারওয়ার-ই-কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান এবং রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন।
বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ, পানি সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের টেকসই উন্নয়নে শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা শেষে উপস্থিত বক্তৃতা ও দেয়াল পত্রিকা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিসিবিভিওর ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম, কর্মসূচি কর্মকর্তা জোসেফ হাঁসদা, সমাজ সংগঠক দীপিকা মাড্রি, সুচিত্রা হেম্ব্রম ও ইমরুল সাদাত মিলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









