লাইফ স্টাইল

গোড়ালিতে ফোসকা পড়লে কী করবেন? জেনে নিন সহজ উপায়

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গোড়ালিতে ফোসকা পড়া একটি খুবই সাধারণ ও বিরক্তিকর সমস্যা। নতুন বা শক্ত জুতা পরে অনেকক্ষণ হাঁটলে ত্বকে ঘর্ষণ হয়ে এই ধরনের ফোসকা দেখা দিতে পারে। শুধু জুতা নয়, আঁটসাঁট প্যান্ট, আঘাত, বা ত্বক কেটে গেলেও ফোসকা হতে পারে। যদি এই ফোসকার ঠিকমতো যত্ন না নেওয়া হয়, তাহলে সেটি ফুলে যেতে পারে, পুঁজ জমতে পারে এবং সংক্রমণের আশঙ্কাও থাকে।

তাই শুরুতেই সঠিক চিকিৎসা জরুরি। চলুন, জেনে নিই ফোসকা সারানোর কিছু সহজ উপায়।
জায়গাটি পরিষ্কার করুন
প্রথমেই ফোসকার চারপাশ পরিষ্কার পানি ও মৃদু সাবান দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে নিন। এরপর সেখানে পেট্রোলিয়াম জেলি লাগান।

এটি জায়গাটিকে ঠাণ্ডা রাখে ও কোষ পুনর্গঠনে সাহায্য করে।
অ্যালোভেরা জেল ব্যবহার করুন
ফোসকা ফুলে গেলে বা বেশি যন্ত্রণা হলে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। এটি প্রদাহ কমায় এবং ত্বককে আর্দ্র রাখে। চাইলে পেট্রোলিয়াম জেলির আগে এটি ব্যবহার করতে পারেন।

নারিকেল তেল
ক্ষতস্থানে কাঁচা নারিকেল তেল লাগালে আরাম পাওয়া যায়। এটি মৃত কোষ তুলে দিয়ে জায়গাটি মসৃণ করে, ফলে পরে জুতা পরলেও জ্বালা করে না।

অ্যাপল সিডার ভিনেগার
তুলায় কিছুটা অ্যাপল সিডার ভিনেগার নিয়ে ফোসকার উপর হালকা করে লাগান। এতে ব্যথা ও সংক্রমণের সম্ভাবনা কমে, কারণ এতে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ।

টি ট্রি অয়েল
টি ট্রি অয়েলও একটি কার্যকর উপায়।

এটি ছত্রাক সংক্রমণজনিত ফোসকাতে কার্যকর। তবে সরাসরি না লাগিয়ে একটু নারিকেল তেলে মিশিয়ে ব্যবহার করা ভালো।
মধু
মধুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। ক্ষতস্থানে মধু লাগালে তা দ্রুত শুকিয়ে যায় এবং আরামও মেলে।

সতর্কতা
ফোসকাতে ফেটে গেলে জায়গাটি একদম পরিষ্কার রাখুন।
প্রয়োজনে ব্যান্ডেজ ব্যবহার করুন, তবে জায়গাটি নিয়মিত খোলা হাওয়ায় শুকাতে দিন।
সংক্রমণের লক্ষণ (পুঁজ, লালচে ভাব, বেশি ব্যথা বা জ্বর) দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।