সিল্কসিটিনিউজ ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে গেইলকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।
সবচেয়ে কম ইনিংসে ১২ হাজার রান পূর্ণ করে গেইলের রেকর্ড ভেঙে দিলেন বাবর আজম।

করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন বাবর। ম্যাচের আগে তার প্রয়োজন ছিল মাত্র ১৩ রান, যা তিনি দ্রুতই পূরণ করেন একটি ছক্কার মাধ্যমে।
এর ফলে তিনি ৩৩৮ ইনিংসেই ১২ হাজার রানে পৌঁছে যান, যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম। এর আগে এই রেকর্ডটি ছিল গেইলের দখলে। তিনি ৩৪৩ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন।
এই কীর্তির মাধ্যমে বাবর আজম টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার বা তার বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় নিজের জায়গা পাকা করেছেন।
এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, কাইরন পোলার্ড, ডেভিড ওয়ার্নারদের মতো তারকারা।










