সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর গুলশানে আর্টিজান রেস্টুরেন্ট ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারীরা একই গ্রুপের। তারা জেএমবির সদস্য।

শনিবার এমনটিই জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
দুপুরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘এ হামলার সঙ্গে আইএসের কোনো সম্পর্ক নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি হামলাকারীরা জেএমবির সদস্য।’
তিনি জানান, রাজধানীর গুলশানে হামলাকারীদের একটি অংশ শোলাকিয়ায় হামলা চালিয়েছে। গুলশানে যারা হামলা করেছে সেই একই গোষ্ঠী শোলাকয়িায় হামলা করে।
তিনি আরও বলেন, হামলায় পাঁচজন অংশগ্রহণ করে। তাদের লক্ষ্য ছিল শোকালিয়ায় মুসল্লিদের ওপর হামলা করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজিমুদ্দীন স্কুল মাঠের কাছে তাদের তল্লাশি করতে গেলে হামলা চালায়।
প্রসঙ্গত, ঈদের দিন সকালে শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুলিশের ওপর জঙ্গিরা হামলা চালায়।
উভয় পক্ষের সংঘর্ষে জহিরুল ও আনসারুল নামে দুই পুলিশ সদস্য ও হামলাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আবির রহমান (২৩) মারা যান। এছাড়া নিজ বাড়িতে থাকা ঝর্ণা রানী ভৌমিক নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
সূত্র:রাইজিংবিডি









