সিল্কসিটিনিউজ ডেস্ক :
সাম্প্রতিক সময়ে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন একজন চীনা রাঁধুনি। তিনি তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে পাতলা হাতে বানানো নুডলস। চীনের লি এনহাই মাত্র ০.১৮ মিমি পুরু নুডলস তৈরি করে রেকর্ড বইতে নিজের নাম তুলেছেন।
২০১০ সালে লি এনহাই এই রেকর্ড আগেও একবার করেছিলেন।

তখন তার বানানো নুডলসের পুরুত্ব ছিল ০.৩৩ মিমি। এবার নিজেই নিজের রেকর্ড ভেঙে আবারও দেখিয়ে দিলেন, পাতলা নুডলস বানানোতে তিনিই সেরা। এই ব্যতিক্রমী রেকর্ড ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তার অসাধারণ দক্ষতা শুধু নতুন রেকর্ডই গড়েনি, বরং খাবারপ্রেমীদের মধ্যে তৈরি করেছে নানামুখী প্রতিক্রিয়া।
অনেকে এটিকে তুলনা করছেন শনপাপড়ির সাথে। কেউ আবার তুলনা টেনেছেন রাজস্থানের জনপ্রিয় খাবার ‘ফেনী’র সঙ্গে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্ভাবন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের সংস্কৃতিও বিশ্ব দরবারে তুলে ধরার এক শক্তিশালী মাধ্যম। সোশ্যাল মিডিয়ার প্রশংসা ও আলোচনার মধ্য দিয়ে লি এনহাইয়ের তৈরি ০.১৮ মিমি পাতলা নুডলস ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে নিত্যনতুন রেকর্ড এবং রসিকতার আড্ডায়।
তিনি প্রমাণ করলেন, শুধু রান্নার দক্ষতা নয়, নুডলস দিয়েও বিশ্ব মাতানো যায়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া









