লাইফ স্টাইল

গাড়ির রাজধানীতে গাড়িমুক্ত এক দ্বীপ ম্যাকিনাক

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যকে বলা হয় ‘বিশ্বের গাড়ির রাজধানী’। কারণ এখানেই ফোর্ড, জেনারেল মোটরস ও ক্রাইসলারের মতো বিখ্যাত গাড়ি কম্পানির উৎপত্তি। ডেট্রয়েট শহরকে বলা হয় ‘মোটর সিটি’। তবে এই রাজ্যের এক কোণে রয়েছে এক শান্ত, ছোট দ্বীপ।

যেখানে গাড়ি নেই, ব্যস্ততা নেই, কেবল ঘোড়া আর প্রকৃতির শান্ত ছোঁয়া। 

লেক হুরনের মধ্যে ৩.৮ বর্গকিলোমিটারের এই দ্বীপটির নাম ম্যাকিনাক আইল্যান্ড। এখানে বছরজুড়ে বসবাস করেন প্রায় ৬০০ জন, আর রয়েছে প্রায় ৬০০ ঘোড়া। এই দ্বীপে কোনো গাড়ি চলে না, এমনকি গলফ কার্টও নিষিদ্ধ।

এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র হাইওয়ে যেখানে গাড়ি চালানো পুরোপুরি বেআইনি। 

কেন নেই গাড়ি?
জনশ্রুতি অনুযায়ী, ১৮৯৮ সালে দ্বীপে একটি গাড়ি ঘোড়াকে ভয় পাইয়ে দেয়, যার পর স্থানীয় কর্তৃপক্ষ মোটরযান নিষিদ্ধ করে দেয়। পরে পুরো দ্বীপেই তা প্রযোজ্য হয়। দ্বীপবাসীরা তখন থেকেই শান্ত পরিবেশ ও ঐতিহ্যবাহী জীবনযাত্রাকে ধরে রেখেছে।

দ্বীপের বাসিন্দা ও দোকানদার ট্রেসি মোর্স বলেন, এখানে ঘোড়াই রাজা। ঘোড়া দিয়েই সব কিছু চলে, আবর্জনা অপসারণ থেকে শুরু করে পার্সেল ডেলিভারি পর্যন্ত। 

প্রতি গ্রীষ্মে দ্বীপে আসে প্রায় ১.২ মিলিয়ন পর্যটক। তারা ম্যাকিনাও সিটি বা সেন্ট ইগনেস থেকে ২০ মিনিটের ফেরিতে দ্বীপে পৌঁছান। দ্বীপে পৌঁছে ঘোড়ার গাড়িতে চড়ে ঘোরেন, খাবার কিনে খান আর ৭০ মাইল রাস্তা পায়ে হাঁটেন বা সাইকেলে চড়েন।

গ্রীষ্মের শেষে, দ্বীপে কাজ করা ৬০০ ঘোড়ার প্রায় অর্ধেকই ফিরে যায় মূল ভূখণ্ডে, পর্যটন মৌসুম শেষ হয়, দ্বীপ আবার ফিরে পায় তার নির্জনতা। 

ঐতিহ্য আর প্রকৃতির মিল
ম্যাকিনাক দ্বীপ শুধু সুন্দর নয়, ইতিহাসেও ভরপুর। এখানকার স্থানীয় আদিবাসীরা একে বলত মিশিলিমাকিনাক, মানে মহান কচ্ছপের স্থান। কারণ দ্বীপটি দেখতে ছিল বিশাল কচ্ছপের মতো। ১৭৮০ সালে ব্রিটিশরা এখানে দুর্গ নির্মাণ করে, যা এখনও দর্শনীয় স্থান হিসেবে রয়েছে। দ্বীপের ৮০% এলাকা এখন ম্যাকিনাক আইল্যান্ড স্টেট পার্ক। সেখানে রয়েছে প্রাকৃতিক বন, চুনাপাথরের পাহাড় আর দ্বীপের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ—আর্চ রক, যা ৫০ ফুট প্রশস্ত একটি প্রাকৃতিক প্রস্তর খিলান। দর্শনার্থীরা হেঁটে, সাইকেলে কিংবা ঘোড়ার গাড়িতে চড়ে দ্বীপ ঘুরে দেখতে পারেন।

গাড়ির গতি আর শহুরে কোলাহলের বাইরে, ম্যাকিনাক দ্বীপ যেন এক নিঃশব্দ জগৎ। এখানে নেই হর্ন, নেই যানজট। আছে শুধু ঘোড়ার খটাস খটাস শব্দ, প্রকৃতি আর ইতিহাসের ছোঁয়া।

সূত্র : বিবিসি