সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

গাজার প্রধান ক্রসিং দিয়ে জাতিসংঘের ত্রাণ সরবরাহ স্থগিত

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
গাজার প্রধান ক্রসিং দিয়ে জাতিসংঘের ত্রাণ সরবরাহ স্থগিত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থা (ইউএনআরডাব্লিউএ) নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইসরায়েল ও গাজার মধ্যকার কেরেম শালোম ক্রসিং দিয়ে ত্রাণ সরবরাহ স্থগিত করেছে। সংস্থাটির প্রধান রবিবার এ তথ্য জানিয়েছেন।

ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি এক্সে এক পোস্টে বলেছেন, ‘আমরা কেরেম শালোম দিয়ে ত্রাণ সরবরাহ বন্ধ রাখছি, যা গাজায় মানবিক সহায়তা পৌঁছনোর প্রধান ক্রসিং পয়েন্ট। এই ক্রসিং দিয়ে যাওয়ার রাস্তাটি দীর্ঘ সময় ধরে নিরাপদ নয়।

১৬ নভেম্বর সশস্ত্র গ্যাংগুলো ত্রাণবাহী একটি বড় গাড়িবহর চুরি করেছিল।’
তিনি আরো বলেন, ‘গতকাল (শনিবার) আমরা একই রুটে কয়েকটি খাদ্যবাহী ট্রাক পাঠানোর চেষ্টা করি। সব ট্রাকই নিয়ে যাওয়া হয়।’

গাজায় ‘ক্ষুধা দ্রুত গভীর হচ্ছে’ উল্লেখ করে সতর্ক করেন লাজারিনি।

তিনি বলেন, ‘চলমান অবরোধ, ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তৈরি বাধা, ত্রাণের পরিমাণ সীমাবদ্ধ করার রাজনৈতিক সিদ্ধান্ত, ত্রাণ সরবরাহ রুটে নিরাপত্তার অভাব ও স্থানীয় পুলিশের ওপর হামলার’ কারণে মানবিক কার্যক্রম অপ্রয়োজনীয়ভাবে অসম্ভব হয়ে উঠেছে।
ইউএনআরডব্লিউএর প্রধান ইসরায়েলের প্রতি আহ্বান জানান, তারা যেন গাজায় ত্রাণ প্রবাহ নিশ্চিত করে এবং মানবিক কর্মীদের ওপর আক্রমণ থেকে বিরত থাকে।

এর আগে শনিবার ইসরায়েলের হামলায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিনজন ঠিকাদার নিহত হয়, যাদের মধ্যে একজন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় জড়িত ছিলেন বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। গত মাসে জাতিসংঘ জানিয়েছিল, গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ৩৩৩ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন, যার মধ্যে ২৪৩ জন ইউএনআরডব্লিউএর কর্মী।

লাজারিনি আবারও একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, যা ‘প্রয়োজনীয় ত্রাণ নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে মানুষদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করবে’। গত বছর যুদ্ধের প্রাথমিক পর্যায়ে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে সম্পূর্ণ অবরোধ আরোপ করা ইসরায়েল ত্রাণ সংগঠনগুলোর বড় পরিসরে ত্রাণ পরিচালনা ও বিতরণের অক্ষমতাকে দোষারোপ করেছে।

ইসরায়েলি সরকারের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর মাসে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলায় দক্ষিণ ইসরায়েলে এক হাজার ২০৭ জন নিহত হয়, যাদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৩৮২ জন নিহত হয়েছে। জাতিসংঘ এ পরিসংখানকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে।

সূত্র: কালের কণ্ঠ