সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

গাজায় ৭ লাখ টন বর্জ্য জমে মানবিক বিপর্যয়ের শঙ্কা

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া
গাজায় ৭ লাখ টন বর্জ্য জমে মানবিক বিপর্যয়ের শঙ্কা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজা উপত্যকার বিভিন্ন স্থানে প্রায় ৭ লাখ টন কঠিন বর্জ্য জমে তীব্র মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে শুক্রবার সতর্ক করেছে গাজা স্ট্রিপ মিউনিসিপাল ইউনিয়ন। জ্বালানি সংকট, অবকাঠামো ধ্বংস এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে স্থানীয় পৌরসভাগুলো ন্যূনতম সেবাও দিতে পারছে না বলে জানিয়েছে আনাদোলু।

ইউনিয়নের উপপ্রধান আলা আল-বাত্তা বলেন, ‘অবকাঠামোর ভয়াবহ ধ্বংস, জ্বালানির তীব্র ঘাটতি এবং পৌরসভার যন্ত্রপাতি ধ্বংস হয়ে যাওয়ায় আমরা এক অসম্ভব সমস্যার মুখোমুখি।

ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যা, পৌর সম্পদের ধ্বংস এবং কঠোর অবরোধ মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

তিনি জানান, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পার হলেও গাজার মানুষের জন্য সেবার মানের কোনোরকম উন্নতি হয়নি। ফলে বাস্তুচ্যুত মানুষসহ সাধারণ বাসিন্দাদের জন্য মৌলিক সেবা প্রদান কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

আলা আল-বাত্তা আরো সতর্ক করে বলেন, এত বিশাল পরিমাণ বর্জ্য গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে জমে থাকায় ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয়েছে। যুদ্ধবিরতির শর্তে ইসরায়েল নিয়ন্ত্রিত ‘ইয়েলো লাইন’–এর পূর্বদিকে থাকা কেন্দ্রীয় ডাম্পিং স্টেশনগুলোতে পৌরসভার প্রবেশ নিষিদ্ধ হওয়ায় এই সংকট আরো বাড়ছে।

বর্জ্য জমে পানি দূষিত হচ্ছে, চারদিকে ছড়িয়ে পড়ছে মশা ও ইঁদুর। এর ফলে গাজা উপত্যকায় একটি বড় ধরনের স্বাস্থ্য ও পরিবেশগত বিপর্যয় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানায় গাজা মিউনিসিপাল ইউনিয়ন।