সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

গাজায় নিহতদের প্রায় অর্ধেকই ইসরায়েল ঘোষিত ‘নিরাপদ অঞ্চলে’

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
গাজায় নিহতদের প্রায় অর্ধেকই ইসরায়েল ঘোষিত ‘নিরাপদ অঞ্চলে’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজা যুদ্ধে ইসরায়েল যেগুলোকে ‘নিরাপদ মানবিক এলাকা’ হিসেবে তুলে ধরেছে, বাস্তবে সেসব স্থানেই প্রায় অর্ধেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া শনিবার গাজা উপত্যকাজুড়ে অব্যাহত ইসরায়েলি হামলায় অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছে কমপক্ষে ৪৫ জন।

গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস অভিযোগ করেছে, ফিলিস্তিনিদের কেন্দ্র ও দক্ষিণ অঞ্চলে সরিয়ে নিতে ইসরায়েল সেগুলোকে ‘নিরাপদ মানবিক এলাকা’ হিসেবে তুলে ধরলেও বাস্তবে সেসব স্থানেও হামলা চালানো হচ্ছে।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গত ১১ আগস্ট গাজা সিটি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতির পর থেকে মধ্য ও দক্ষিণ গাজায় ১৩৩ দফা হামলায় ১ হাজার ৯০৩ জন নিহত হয়েছে, যা ওই সময়ে গোটা গাজায় নিহতদের প্রায় ৪৬ শতাংশ।

অফিসটি জানায়, এ পরিস্থিতি প্রমাণ করে সাধারণ মানুষকে সরাসরি টার্গেট করা হচ্ছে, যদিও তাদের দক্ষিণে যেতে বলাহয়েছিল। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলা হয়, বৈশ্বিক নীরবতা অব্যাহত থাকলে তা আরো হত্যাযজ্ঞ চালানোর ‘সবুজ সংকেত’ হিসেবে কাজ করবে।

মধ্য গাজা থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, শনিবার ভোর থেকে গাজা সিটিতে ইসরায়েলি হামলা বেড়েছে এবং আল-শিফা হাসপাতালে একের পর এক হতাহতদের নিয়ে আসা হচ্ছে।

তিনি আরো জানান, একটি পরিবার রাস্তা দিয়ে গাড়িতে করে পালানোর সময় ড্রোন হামলায় নিহত হয়েছে। ঘটনাস্থলেই চারজন মারা গেছেন।

তিনি বলেন, শত শত মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পালাচ্ছে, কিন্তু ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান তাদের পিছু ছাড়ছে না।