আন্তর্জাতিক

গাজায় ক্যাফে ও স্কুলে বোমা হামলা, ৯৫ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক১ জুলাই ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসরায়েলি বাহিনী গাজায় একটি ক্যাফে, একটি স্কুল এবং খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং একটি হাসপাতালেও হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে।

সোমবারের এই হামলায় নিহতদের মধ্যে অন্তত ৬২ জন গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। খবর আল জাজিরার।

নিহতদের মধ্যে গাজার উত্তরাঞ্চলের উপকূলীয় ক্যাফে ‘আল-বাকা ক্যাফেটেরিয়া’-তে ইসরায়েলি বিমান হামলায় ৩৯ জন নিহত হন। এই হামলায় আরো বহু মানুষ আহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক ইসমাইল আবু হাতাব, পাশাপাশি নারী ও শিশুরাও, যারা ওই ক্যাফেতে একটি জন্মদিনের অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ইসরায়েলি যুদ্ধবিমান এই হামলা চালিয়েছে।

আমরা মানুষের শরীর ছিন্নভিন্ন অবস্থায় পেয়েছি। এই জায়গাটির সঙ্গে কোনো রাজনৈতিক বা সামরিক সংযোগ ছিল না। এটি ছিল সাধারণ মানুষের জন্য একটি ক্যাফে, যেখানে শিশুরা জন্মদিন উদযাপন করছিল।
বোমা হামলায় পুরো ক্যাফেটি মাটির সঙ্গে মিশে গেছে এবং সেখানে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে।

এছাড়াও, ইসরায়েলি সেনারা গাজা সিটির ‘ইয়াফা স্কুল’-এ বোমা নিক্ষেপ করে। এই স্কুলে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

হামাদা আবু জরাদেহ নামে এক ব্যক্তি, যিনি হামলার আগে পালিয়ে যেতে পেরেছিলেন তিনি বলেন, আমরা বোমা হামলার মাত্র ৫ মিনিট আগে এখান থেকে সরে যাওয়ার বার্তা পেয়েছিলাম। আমরা জানি না কী করব বা কোথায় যাব। মৃত্যু আমাদের সঙ্গে এবং চারপাশে প্রতিদিন ঘোরাফেরা করছে।