সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি সেনাদের ব্যাপক হামলা, দক্ষিণে পালাচ্ছে ফিলিস্তিনিরা

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
গাজায় ইসরায়েলি সেনাদের ব্যাপক হামলা, দক্ষিণে পালাচ্ছে ফিলিস্তিনিরা

সিল্কসিটিনিউজ ডেস্ক  :

গাজা সিটিতে ট্যাংক ও যুদ্ধবিমান দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ভীত-সন্ত্রস্ত হাজারো ফিলিস্তিনি বেসামরিক মানুষ দীর্ঘ সারি বেঁধে দক্ষিণ দিকে পালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এএফপি সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছে।

এএফপি সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোকজন পায়ে হেঁটে, যানবাহনে কিংবা গাধার গাড়িতে করে সামান্য মালপত্র নিয়ে শহর ছাড়ছে।

আকাশে ঘন ধোঁয়া দেখা গেছে।
৩২ বছর বয়সী আয়াহ আহমেদ পরিবারের ১৩ জন সদস্য নিয়ে গাজা সিটিতে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ‘আর্টিলারি হামলা, বিমান হামলা, ড্রোন হামলা, গুলি—বোমাবর্ষণ কখনো থামে না। তারা (ইসরায়েল) আমাদের দক্ষিণে যেতে বলছে।

কিন্তু সেখানে আমরা কোথায় থাকব? নেই তাঁবু, নেই পরিবহন, নেই টাকা।’
ফিলিস্তিনিরা বলছে, দক্ষিণে যাওয়ার জন্য গাড়িভাড়া এক হাজার ডলার ছাড়িয়ে গেছে।

৪৭ বছর বয়সী শাদি জাওয়াদ বলেন, ‘অবর্ণনীয় পরিস্থিতি—চারপাশে ভিড়, বিস্ফোরণের শব্দ, নারী-পুরুষ কাঁদছে আর চিৎকার করছে। আমরা মালপত্র নিয়ে হাঁটছি।

’
তিনি জানান, পালানোর পথে তাদের ট্রাকের চাকা ফেটে মালপত্র পড়ে যায়। আকাশের দিকে তাকিয়ে শুধু বলেছি, হে আল্লাহ, একটি মিসাইল পাঠিয়ে আমাদের মুক্ত করো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইসুস এক্স-এ লিখেছেন, ‘উত্তর গাজায় সামরিক অভিযান ও সরিয়ে নেওয়ার নির্দেশ নতুন করে বাস্তুচ্যুতি সৃষ্টি করছে। সংকুচিত একটি এলাকায় মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে, যা মানবিক মর্যাদার জন্য অযোগ্য। এ ছাড়া হাসপাতালগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে।

’
গাজা সিটির আল-শিফা হাসপাতাল জানিয়েছে, ‘মধ্যরাত থেকে অন্তত ২০ জনের মরদেহ তারা গ্রহণ করেছে। গাজার সিভিল ডিফেন্স বলছে, বুধবার একদিনেই ইসরায়েলি হামলায় ৬০ জনের বেশি নিহত হয়েছে।’

ইসরায়েলি সেনারা জানায়, তারা ‘হামাসের সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং রাফাহ ও খান ইউনিসেও অভিযান চালাচ্ছে।

বুধবার ইসরায়েলি সেনারা সাময়িকভাবে সালাহ আল-দীন সড়ক দিয়ে ৪৮ ঘণ্টার জন্য লোকজন সরিয়ে নেওয়ার করিডর খোলার ঘোষণা দেয়।

এদিকে আগস্ট শেষে জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজা সিটি ও আশপাশে ১০ লাখের মতো মানুষ বসবাস করছিল। ইসরায়েল দাবি করছে এর মধ্যে ৩ লাখ ৫০ হাজার মানুষ পালিয়েছে। সূত্র : এএফপি।