সিল্কসিটিনিউজ ডেস্ক:
ময়মনসিংহের গফরগাঁওয়ে খেলার সময় বিলের পানিতে পড়ে আরিয়ান নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার পাগলা থানার কুরচাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান ওই গ্রামের আল আমিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর একটার দিকে আরিয়ান অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে বিলের পাড়ে বল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি বিলের পানিতে পড়ে যায়। পানির ভেসে থাকা বলটি তুলতে গিয়ে আরিয়ান বিলে পড়ে তলিয়ে যায়।

বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পানি থেকে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।









