সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুর এম এইচ হাসান রেজা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান রেজার মৃত্যু হয়।
হাসান রেজার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, লিভারের সমস্যা নিয়ে গত ১২ মার্চ এম এইচ হাসান রেজাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে তাঁকে দেখতে যান।
শায়রুল কবির খান আরো জানান, বর্তমানে তাঁর লাশ হাসপাতালের মর্গেই রাখা হয়েছে। তাঁর মেয়ে লন্ডন থেকে রওনা দিয়েছেন। তিনি এলেই মরহুমের জানাজার বিষয়ে সিদ্ধান্ত হবে।
এম এইচ হাসান রেজার মৃত্যুর খবর পেয়ে ইউনাইটেড হাসপাতালে যান এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল রিজভী, দলের স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিকল্পধারার মুখপাত্র মাহী বি চৌধুরী।










