নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ রোগমুক্তি কামনায় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ এক ধর্মীয় ও মানবিক আবেগময় পরিবেশ সৃষ্টি করে।

দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট এবং অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের চিফ পেশ ইমাম মো. নাজমুল আলম। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু, শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
দোয়া-মাহফিলে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বিশ্ববিদ্যালয় পরিবার একাত্মতার প্রকাশ ঘটিয়েছে।
এদিকে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করেছেন। উপাচার্য তাঁর বিবৃতিতে বলেন, মানবতার জায়গা থেকেই সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করা উচিত, আর এ প্রয়াস রুয়েট পরিবারকে আরও অনুপ্রাণিত করবে।









