সিল্কসিটিনিউজ ডেস্ক:
ক্যান্সারের সঙ্গে লড়াই করে ক্রিকেটে ফিরেছেন। এবার সেই প্রত্যাবর্তনের গল্পে যোগ হলো আরো বড় অধ্যায়।
৮ বছর পর অস্ট্রেলিয়া জাতীয় দলে ডাক পেয়েছেন নিক ম্যাডিনসন। ৩৪ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটারকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা।

গত বছরের এপ্রিলে টেস্টিকুলার ক্যান্সারে আক্রান্ত হন ম্যাডিনসন। তা ছড়িয়ে পড়েছিল ফুসফুস ও লিম্ফ নোডেও।
অস্ত্রোপচারের পর তাকে ৯ সপ্তাহ কেমোথেরাপি নিতে হয়। চিকিৎসা শেষে গত বছরই ক্রিকেটে ফেরার পথ তৈরি হয়।
প্রত্যাবর্তনের পর আর থামেননি। সম্প্রতি নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে ওয়ানডে কাপে ১২৭ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ম্যাডিনসন।
সেই পারফরম্যান্সই তাকে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফেরার আলোচনায় নিয়ে আসে।
২০১৮ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বশেষ খেলেছেন ম্যাডিনসন। সেটি ছিল টি-টোয়েন্টি ম্যাচ। সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৬ সালে।
তিন ম্যাচের ছোট্ট টেস্ট ক্যারিয়ারে ব্যাট হাতে ভালো করতে পারেননি ম্যাডিনসন।
মাত্র ৬.৭৫ গড়ে করেছেন ২৭ রান। তবে প্রায় এক দশক পর টেস্ট দলে ফেরা ম্যাডিনসন এবার নিশ্চয় সুযোগ কাজে লাগাতে চাইবেন।
তবে ম্যাডিনসনের কাছে আবার খেলতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্যান্সারের কঠিন সময় পেরিয়ে ক্রিকেটে ফেরার পর তিনি বলেছিলেন, ‘আমি শুধু খেলতে চাই।’
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার তিন টেস্টের সিরিজ শুরু হবে ৯ অক্টোবর; ডারবানে। ইনজুরিতে জশ ইংলিস ছিটকে যাওয়ায় দলে জায়গা পেয়েছেন ম্যাডিনসন। তার পাশাপাশি ডাক পেয়েছেন উইকেটকিপার স্যাম হার্পার।










