রাজশাহী

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ইমামদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

নিউজ ডেস্ক২১ মে ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবদেক :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মহানগরীর মসজিদগুলোর ইমামদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের এনেক্স হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক বলেন, আসন্ন ঈদুল আযহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে সিটি করপোরেশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নগরবাসীকে ঈদের পরদিনই একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মসজিদের ইমামরা এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে রাখা, ড্রেন ও খোলা জায়গায় বর্জ্য না ফেলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে মুসল্লিদের সচেতন করতে ইমামদের সহযোগিতা প্রয়োজন।

রাসিক প্রশাসক আরও বলেন, এবার প্রথমবারের মতো রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে নাগরিকদের মাঝে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সহজ করতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডারও সরবরাহ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার।

এ সময় রাসিকের সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। মতবিনিময় সভায় রাজশাহী মহানগরীর বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নেন।