সিল্কসিটিনিউজ ডেস্ক :
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইসরাইল তার প্রতিবেশী দেশটির ভূখণ্ডে হামলা বাড়িয়ে দিয়েছে।
গত রোববার বাশার আল-আসাদ নাটকীয়ভাবে রাশিয়ায় পালানোর পর থেকে ইসরাইল সিরিয়ায় প্রায় ৫০০টি হামলা চালিয়েছে। জাতিসংঘের প্রতিবাদের পরেও ইসরাইল ১৯৭৪ সালের যুদ্ধবিরতির মাধ্যমে নির্ধারিত বাফার জোনে সামরিক অভিযান শুরু করেছে।

সিরিয়ার ক্ষমতা পরিবর্তনের পরও ইসরাইলের এই আক্রমণের পেছনে কী কারণ রয়েছে এবং তারা কী অর্জন করতে চাইছে? বুধবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে।
চলুন, নিচের আলোচনায় সেসব প্রশ্নেরই উত্তর জেনে নেওয়া যাক।
ইসরাইলি হামলার কারণ কী?
ইসরাইল বেশ কয়েক বছর ধরে দাবি করে আসছে যে, গাজা, লেবানন ও সিরিয়ায় তাদের আক্রমণের উদ্দেশ্য ইরানের সামরিক উপস্থিতি নির্মূল করা। তবে ইরান বলেছে, সিরিয়ায় বর্তমানে তাদের কোনো সামরিক উপস্থিতি নেই।
বর্তমানে ইসরাইলের লক্ষ্য সিরিয়ার সামরিক অবকাঠামো ধ্বংস করা। ইসরাইল দাবি করছে, তারা চায় কোনো অস্ত্র যেন ‘চরমপন্থিদের’ হাতে না পৌঁছায়। ইসরাইলের এই চরমপন্থিদের তালিকা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিতও হয়েছে।
বর্তমানে এর মধ্যে রয়েছে- সিরিয়ার প্রধান বিরোধী দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। যারা মূলত আসাদকে ক্ষমতাচ্যুত করেছে।
কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে?
ইসরাইল জানিয়েছে, তারা সিরিয়ার অস্ত্র গুদাম, গোলাবারুদের ডিপো, বিমানবন্দর, নৌঘাঁটি এবং গবেষণা কেন্দ্রের মতো সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তারা বাফার জোনেও সামরিক বাহিনী মোতায়েন করেছে। এটি মূলত সিরিয়া এবং ইসরাইলের মধ্যে একটি নিরপেক্ষ অঞ্চল, যা ১৯৭৪ সালের যুদ্ধবিরতির অংশ হিসাবে নির্ধারিত হয়েছিল।
ইসরাইলি বাহিনী দখলকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার কাতানায় ১০ কিমি (৬ মাইল) অভ্যন্তরে প্রবেশ করেছে বলে সিরিয়ার নিরাপত্তা বাহিনী জানিয়েছে। তবে ইসরাইলি সামরিক সূত্র এই অভিযোগ অস্বীকার করেছে।
ইসরাইলের লক্ষ্য কী?
ইসরাইল বলছে, তারা তাদের প্রতিরক্ষার স্বার্থে কাজ করছে। দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, গোলান মালভূমি চিরকাল ইসরাইলের অংশ হিসেবেই থাকবে।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর বলেন, ইসরাইলের আক্রমণের উদ্দেশ্য ছিল সিরিয়ার রাসায়নিক অস্ত্র এবং দীর্ঘ-পাল্লার রকেটের মতো কৌশলগত অস্ত্রগুলো ধ্বংস করা। যাতে এগুলো চরমপন্থিদের হাতে না পৌঁছায়।
এদিকে চলমান অস্থিরতার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দেশটির দক্ষিণাঞ্চলে একটি ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ গঠনের কথা জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
তিনি সামরিক বাহিনীকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কাৎজ।
তবে তিনি বলেছেন, এই অঞ্চল গড়ে তোলার লক্ষ্য ‘সিরিয়ার ভূখণ্ডে সন্ত্রাস প্রতিষ্ঠা ও সন্ত্রাসীদের সংগঠিত হওয়া’ প্রতিহত করা।
সেই সঙ্গে, গভীর রাতে হামলা চালিয়ে সিরিয়ার বেশ কয়েকটি নৌযান ধ্বংস করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী।
ভবিষ্যতে ইসরাইলের লক্ষ্য কী?
ভবিষ্যতে সিরিয়ায় ইসরাইলের লক্ষ্য কি হবে- সে বিষয়ে এখনও সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। তবে ইসরাইলের কিছু নেতা ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন।
দেশটির জাতীয় ঐক্য পার্টির নেতা বেনি গ্যান্টজ বর্তমান পরিস্থিতিকে ‘ঐতিহাসিক সুযোগ’ বলে উল্লেখ করেছেন। তিনি সিরিয়ার দুরুজ, কুর্দি এবং অন্যান্য গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন।
এদিকে ইসরাইলের একজন সাবেক সামরিক কর্মকর্তা সিরিয়াকে ছোট ছোট স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করার পরামর্শ দিয়েছেন। যাতে তারা ইসরাইলসহ অন্যান্য বাহ্যিক শক্তির সঙ্গে সহযোগিতা করে চলতে পারে।
তবে হায়াত তাহরির আল-শামসহ (এইচটিএস) অন্যান্যরা ইসরাইলি পরামর্শের বিষয় একমত হতে পারছে না।
আলজাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, ইসরাইলের এমন পরিকল্পনার প্রভাব সম্পর্কে আমরা জানি। যেমনটা দেখা গেছে অধিকৃত পশ্চিম তীরে।
তাহলে কী পশ্চিম তীরের মতোই সিরিয়া দখলে নেমেছে ইসরাইল? এমন প্রশ্নেই উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ মহলে।
তবে উপরের আলোচনা থেকে যেটা বোঝা গেল, তা হলো- ইসরাইলের চলমান হামলা সিরিয়ার ভূখণ্ডে নতুন অস্থিরতা সৃষ্টি করেছে এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা বাড়ছে।
সূত্র: যুগান্তর










