সিল্কসিটিনিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় রূপালী ব্যাংক শাখায় হানা দিয়েছে একদল ডাকাতরা। ডাকাত দলের সদস্যরা ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে। তারা ১৫ লাখ টাকা চাঁদা দাবিও করেছে। ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ওই ব্যাংকে ডাকাত দলের সদস্যরা ঢুকেছে বলে পুলিশ জানিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ব্যাংকটির বাইরে চারপাশে অবস্থান নিয়েছে। উৎসুক জনতাও ভিড় করেছেন আশেপাশে।
পুলিশ জানায়, কেরানীগঞ্জে একটি ব্যাংকের ভেতরে ডাকাতরা অবস্থান করছে— এমন খবরে এলাকাবাসী ভবনটির সামনে অবস্থান নেয়। পরে খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারীর অন্যান্য বাহিনীর সদস্যরা এসে বাইরে থেকে ভবনটি ঘিরে রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডাকাতদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছেন।
সূত্র: বাংলাট্রিবিউন









