সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

কুয়েতে অবৈধভাবে সামরিক প্রতীক বিক্রি, সিরিয়ান নাগরিক আটক

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
কুয়েতে অবৈধভাবে সামরিক প্রতীক বিক্রি, সিরিয়ান নাগরিক আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুয়েতে অনুমোদন ছাড়াই সামরিক পদমর্যাদা ও ব্যাজ বিক্রির অভিযোগে এক আরব নাগরিককে গ্রেপ্তার করেছে ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর।

পুলিশের অভিযানে আটককৃত ওই ব্যক্তি সিরিয়ান নাগরিক। তিনি পুলিশ বাহিনী, সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড ও জেনারেল ফায়ার ফাইটিং ফোর্সসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার পদমর্যাদা বিক্রি করছিলেন। পরিকল্পিত অভিযানে তাকে আটক করে কর্তৃপক্ষ তার কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক প্রতীক ও পদ উদ্ধার করে।

জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত ৭০০টি পদ, ন্যাশনাল গার্ডের জন্য ৩০০টি পদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ২৭০টি পদ এবং স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, গার্ড, অগ্নিনির্বাপণ ও কাস্টমসসহ বিভিন্ন সংস্থার জন্য মোট ৫০০টি ব্যাজ। সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা ও সামরিক প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্নকারী কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি, তাদের প্রতীকের অপব্যবহার রোধে জনগণকে অফিসিয়াল চ্যানেল বা জরুরি নম্বর ১১২-এ এমন ঘটনার তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।