সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

কুমিল্লায় বাসচাপায় পথচারী নিহত, ধাওয়া করে বাসটিতে আগুন বিক্ষুব্ধ জনতার

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
কুমিল্লায় বাসচাপায় পথচারী নিহত, ধাওয়া করে বাসটিতে আগুন বিক্ষুব্ধ জনতার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় নিয়ন্ত্রণহীন একটি বাসের চাপায় মো. সিরাজুল হক (৭৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিকে ধাওয়া করে চান্দিনা উপজেলার কোরপাই এলাকায় আটকের পর আগুন ধরিয়ে দেয়।

নিহত সিরাজুল চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, কাবিলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা গৌরীপুরগামী নিউ একতা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সিরাজুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে বাসটির পিছু নেয়। একপর্যায়ে চান্দিনা উপজেলার কোরপাই এলাকায় বাসটিকে আটকের পর যাত্রীদের নামিয়ে বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সেনাবাহিনীর একটি দল ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন জানান, ‘দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’