সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

কী হবে যদি পৃথিবী থেকে বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০২৫৮ মিনিট পড়া
কী হবে যদি পৃথিবী থেকে বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পশ্চিমা বিশ্বের বহু দেশে এখন কোটিপতিদের সংখ্যা কমাতে অথবা অন্তত নতুন কোটিপতি তৈরির গতি কমানোর দাবি জোরালো হচ্ছে। কারণ ধনী-গরিবের বৈষম্য এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা আগে দেখা যায়নি।

টেসলার কর্ণধার ইলন মাস্ক হয়তো শিগগিরই ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের বেতন পেতে যাচ্ছেন। ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, মাস্ক তখন বিশ্বের অন্যান্য কোটিপতিদেরও পেছনে ফেলবেন।

এরপর হয়তো ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নাম লেখাবেন মাস্ক।
বর্তমানে বৈশ্বিক কোটিপতির সংখ্যা রেকর্ড গড়েছে। মোট সংখ্যা ৩ হাজার ২৮ জন, যাদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১৬.১ ট্রিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, বিংশ শতাব্দীর গোড়ার দিকে পশ্চিমা সাম্রাজ্যবাদের উত্থানের পর কখনোই ধনী ও দরিদ্র মানুষের মধ্যে বৈষম্য এতেটা স্পষ্ট ছিল না।

বর্তমানে বিশ্বজুড়ে আনুমানিক ৮৩১ মিলিয়ন মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে। বিশ্বব্যাংকের হিসাবে, মুদ্রাস্ফীতি ও ক্রয়ক্ষমতার সামঞ্জস্য করলে প্রতিদিন ৩ ডলারের কম আয়ে বেঁচে থাকা মানুষই চরম দরিদ্র।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, যদি বিশ্বের প্রতিটি কোটিপতির কাছে মাত্র ১ বিলিয়ন ডলার রেখে তার অতিরিক্ত সম্পদ বাজেয়াপ্ত করা যায়, তাহলে সেই অর্থ দিয়ে পরবর্তী ১৯৬ বছর বিশ্বব্যাপী চরম দারিদ্র্য নির্মূল করার প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়া সম্ভব।

কিছু অর্থনীতিবিদ এবং বিশ্লেষক মনে করেন, বিলিয়নেয়ারদের বিপুল সম্পদ বৈশ্বিক রাজনীতি, গণমাধ্যম এবং মানুষের চিন্তাধারাকে প্রভাবিত করে, যাতে অতিধনীদের স্বার্থই বেশি প্রতিফলিত হয়।

অন্যদিকে আবার কিছু বিশেষজ্ঞ দাবি করেন, বিশাল সম্পদের মালিকেরা বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করেন। কারণ, তাদের অর্থ নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণাকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রাখে।
তাই প্রশ্ন উঠছে, যদি বিশ্বের সব কোটিপতিকে বিলুপ্ত করা হয়, তাদের সম্পদ পুনর্বণ্টন করা হয়, অথবা ব্যক্তিগত সম্পদের সর্বোচ্চ সীমা এক বিলিয়ন ডলার নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে পৃথিবী কেমন দেখাবে? মানুষের ভাবনা-চিন্তায় কি পরিবর্তন আসবে? বিশ্বব্যবস্থা কি উন্নত হবে, নাকি আমরা সবাই গুরুত্বপূর্ণ উদ্ভাবন ও সম্পদ থেকে বঞ্চিত হব?

উদ্ভাবন কী থেমে যাবে?

বিলিওনেয়ারদের বিলুপ্তি একটি অবাস্তব ধারণা। তবে এটি যদি একটি কল্পনার দৃশ্যে ঘটে, তাহলে আমাদের উন্নত অর্থনীতির জন্য সম্পূর্ণ বিপর্যয় ডেকে আনবে। পশ্চিমা বিশ্বের অধিকাংশ বিলিয়নেয়ারই তাদের বিপুল সম্পদ গড়েছেন বিভিন্ন পণ্য বা সেবা তৈরির মাধ্যমে।

সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনে স্বেচ্ছায় সেসব পণ্য বা সেবা কিনেই তাদের ধনী বানিয়েছে।
‘বিলিওনেয়ার’ হলেন এমন ব্যক্তি, যাদের সম্পদ ১ বিলিয়ন ডলারের বেশি। এই সম্পদ মূলত বিভিন্ন কম্পানির শেয়ার, মেধা স্বত্ব (আইপি), জমি বা অন্যান্য স্থাবর সম্পত্তির আকারে থাকে। এই সম্পদ অনেকটাই তাত্ত্বিক। তারা কাড়ি কাড়ি টাকার মধ্যে ঘুমান না।

আজকের দিনে যেসব কোটিপতিদের আমরা জানি, তারা আজ হয়তো এক বিলিয়ন ডলারের মালিক, আবার আগামীকাল তাদের সম্পদ নেমে যেতে পারে এক মিলিয়নে। তাদের শেয়ার বা মেধাস্বত্ব (আইপি) কতটা সফল হয়, তার ওপরই সবকিছু নির্ভর করে। বিষয়টি খুব সাধারণ মনে হলেও আসলে তা গুরুত্বপূর্ণ।

কোটিপতিদের স্বভাবগতভাবে নিজেদের সম্পদ বাড়ানোর আগ্রহ থাকে, আর সেই কারণেই তারা উৎপাদনশীল, লাভজনক ও সমস্যা সমাধানকারী কম্পানিগুলোকে আরো বড় করে তুলতে কাজ করে।

অ্যাডাম স্মিথ ইনস্টিটিউটের পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর ম্যাক্সওয়েল মারলোর মতে, বিলিয়নেয়ারদের বিলুপ্ত করার চিন্তা সমাজের জন্য ভয়াবহ।

তিনি বলেন, ‘এনভিডিয়া প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে, কর্মীদেরও শেয়ার দিচ্ছে। আবার স্পেসএক্স সবার জন্য স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা উন্মুক্ত করে দিয়েছে, যার সুফল আমরা সবাই ভোগ করছি। যদি বিলিয়নেয়ার না থাকে, তবে এসব অসাধারণ মানুষের সমস্যা সমাধানের আগ্রহও থাকবে না। এতে আমরাই প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হব। সমস্যাগুলো সমস্যাই থেকে যাবে।’

সম্পদ যদি সুষম বণ্টন হতো?

কোটিপতিদের কর দিতে হবে। কিন্তু গ্লোবাল সাউথের দৃষ্টিকোণ থেকে মূল প্রশ্ন হলো, এই কর কোথায় দেওয়া উচিত?

প্রথমত, বিষয়টিকে রবিন হুডের মতো সম্পদ লুট করে গরিবদের দেওয়ার মতো দেখা উচিত নয়। দ্বিতীয়ত, বিলিয়নেয়াররা কেবল যে দেশে বসবাস করেন, সেখানেই যদি কর দেন, তবে কি ন্যায়বিচার হয়? কারণ, তাদের সম্পদ তো শুধু সেখানে তৈরি হয়নি।

সম্পদ শুধু বিনিয়োগ থেকে তৈরি হয় না। এটি গড়ে ওঠে প্রাকৃতিক সম্পদ ও শ্রমের ওপর। আর আজকের বৈশ্বিক অর্থনীতিতে এই দুইয়ের বেশির ভাগই আসে গ্লোবাল সাউথ থেকে। সেক্ষেত্রে যৌক্তিকভাবে বলা যায়, যেখান থেকে সম্পদ আহরণ করা হয়, কর রাজস্বও সেই স্থানগুলোতেই ফিরে আসা উচিত।

অ্যান্টওয়ার্পকে উদাহরণ হিসেবে নিন। এটি একটি সুন্দর শহর, যার বাসিন্দারা উচ্চমানের জীবনযাপন করেন। কিন্তু তাদের সমৃদ্ধির ভিত্তি গড়ে উঠেছে কঙ্গো প্রজাতন্ত্রের হীরা দিয়ে, যেখানে মানুষের জীবনমান একদম ভালো নয়। আমাদের প্রশ্ন করতে হবে, কেন এমন ভিন্ন ফলাফল তৈরি হয়েছে? এটি দান বা দাতব্যের বিষয় নয়, বরং বিশ্ব অর্থনীতিকে ঢেলে সাজিয়ে ন্যায্য ব্যবস্থা গড়ে তোলাই মূল কথা।

গত ৩০ থেকে ৪০ বছরে বৈষম্য তীব্রভাবে বেড়েছে। আজ যে ধরনের সম্পদ দেখা যায়, এরকম সম্পদের ওপর আগে ৯৭–৯৮ শতাংশ পর্যন্ত কর আরোপ করা হতো। কারণ বিশ্বব্যাপী একটি ধারণা ছিল, অতিরিক্ত সম্পদ সমাজের জন্য ক্ষতিকর এবং সেই অর্থ স্বাস্থ্য, কল্যাণ ও শিক্ষায় ব্যবহার করা ভালো। আজ যখন অর্থনৈতিক সংকট দেখা দেয়, সরকার প্রায়ই মিতব্যয়ী নীতি গ্রহণ করে। যার বোঝা চাপানো হয় দরিদ্র ও মধ্যবিত্তের ওপর। এই পরিবর্তনটি নতুন।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ট্যাক্স জাস্টিসের নির্বাহী সমন্বয়ক দেরেজে আলেমায়েহু বলেন, ‘আমাদের কাঠামোগত পরিবর্তন দরকার—শুধু নতুন ধরনের কোটিপতি কর নয়। নইলে সমস্যা আরো গভীর হবে। কারণ একই কাঠামোতে বৈষম্য বাড়তেই থাকবে আর কিছু ব্যক্তি এতোটাই ধনী হয়ে উঠবে যে, তাদের ক্ষমতা অনেক রাষ্ট্রের চেয়েও বড় হয়ে যাবে।’

তিনি বলেন, ‘সম্পদ এক জায়গায় জমা হচ্ছে, রাজনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে এবং বিশ্বজুড়েই এমন একটি ‘অলিগার্কিক’ ব্যবস্থা গেড়ে বসছে। গ্লোবাল সাউথ বা অনুন্নত দেশগুলোও এর বাইরে নয়, অথচ এসব সম্পদের উৎস সেখানেই।’

ধরা যাক, কলেরা নির্মূলের লক্ষ্য। একটি টিকার দাম প্রায় ২ ডলার। ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যার সঙ্গে গুণ করলে রোগটি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হওয়ার কথা। কিন্তু বাস্তবে তা ঘটে না। কারণ মানুষের জীবনযাত্রার মৌলিক অবস্থা না বদলালে তারা একই ঝুঁকিতে থাকে। পুনর্বণ্টনও একই নিয়মে কাজ করতে হবে—এটি শুধু অর্থ স্থানান্তর নয়, কাঠামোগত পরিবর্তনও নিশ্চিত করতে হবে।

নীতিমালা কি বদলাতে হবে?

গ্লোবাল ইনস্টিটিউট ফর সাসটেইনেবল প্রসপারিটির প্রেসিডেন্ট ফাদেল কাবুবের মতে, আজ যদি পৃথিবীর সব বিলিয়নেয়ারকে সরিয়ে দেওয়া হয় তবুও খুব অল্প সময়ের মধ্যেই নতুন একদল বিলিয়নেয়ার তৈরি হবে। কারণ এই প্রবৃদ্ধি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি নীতিগত ব্যর্থতার ফল।

কাবুব বলেন, বর্তমান ব্যবস্থাটি এমনভাবে তৈরি যে, সম্পদ স্বাভাবিকভাবেই অল্প সংখ্যক মানুষের হাতে জমতে থাকে। এ কাঠামো সমতা, স্থায়িত্ব বা পরিবেশগত ন্যায়বিচারের জন্য নির্মিত নয়, বরং এটি বিলিয়নেয়ারদের স্বার্থ রক্ষার জন্যই টিকে আছে।

অনেক প্রগতিশীল অর্থনীতিবিদ সম্পদ পুনর্বণ্টনের কথা বলেন। তাদের প্রস্তাব, বিলিয়নেয়ারদের ওপর কর বাড়িয়ে সেই অর্থ স্বাস্থ্যসেবা, পরিবেশ পুনর্গঠনসহ জনকল্যাণমূলক খাতে ব্যয় করা হোক। কিন্তু কাবুব মনে করেন, এতে মূল সমস্যাটি অমীমাংসিতই থেকে যায়।

তিনি উদাহরণ দেন, মদ বা সিগারেটের ওপর কর আরোপের যুক্তির কথা। সেখানে ধারণা হলো, মানুষ এসব যত বেশি কিনবে, সরকারের রাজস্ব তত বাড়বে। অর্থাৎ ক্ষতিকর আচরণ থেকেই কল্যাণ ব্যয়ের অর্থ আসবে, যা যুক্তিগতভাবে সমস্যাযুক্ত।

একই যুক্তি বিলিয়নেয়ারদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাদের যত বেশি সম্পদ জমতে দেওয়া হবে, সরকারের কর আদায়ের সেই ‘ক্ষুদ্র অংশ’ তত বাড়বে। এর মানে দাঁড়ায়, জনকল্যাণমূলক ব্যয়ের অর্থের জন্য রাষ্ট্র কার্যত বিলিয়নেয়ারদের অব্যাহত সম্পদ বৃদ্ধির ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

কাবুবের মতে, সত্যিকার অর্থে বিলিয়নেয়ারমুক্ত একটি বিশ্ব চাইলে আইনি কাঠামোতেই পরিবর্তন আনতে হবে।

গণমাধ্যমের নিয়ন্ত্রণ কি বদলে যাবে?

বিলিয়নেয়ারদের সরিয়ে দিলে গণমাধ্যমের কী হবে—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। প্রথমত, বিলিয়নেয়ারদের গণমাধ্যমের মালিক হওয়াটা নতুন কিছু নয়, এটি দীর্ঘদিনের চর্চা। কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তারা কেবল টাকার জোরে পুরো একটি মিডিয়া প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠান কিনে ফেলছেন। জেফ বেজোস (ওয়াশিংটন পোস্টের মালিক) বা ইলন মাস্কের (এক্স বা টুইটারের মালিক) কথাই ভাবুন।

স্বাভাবিকভাবেই, এর প্রভাব পড়ে আমাদের প্রাপ্ত তথ্যের ওপর এবং কে সেই তথ্য নির্ধারণ করছে, তাও তাদের ক্ষমতার পরিধির মধ্যে পড়ে। দ্বিতীয়ত, বিলিয়নেয়াররা অনেক সময় দাবি করেন, তারা নাকি সংবাদ প্রতিষ্ঠানকে রক্ষা করছেন এবং সাংবাদিকতাকে সমর্থন দিচ্ছেন। কিন্তু এ সমর্থন টিকে থাকে কেবল যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ অক্ষুণ্ন থাকে বা যতদিন পর্যন্ত সেই বিনিয়োগ তাদের কাছে লাভজনক অথবা ব্যক্তিগতভাবে উপকারী মনে হয়।

উদাহরণ হিসেবে ইলন মাস্ককে ধরা যেতে পারে। তিনি সাংবাদিকতার জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম (সাবেক টুইটার, বর্তমান এক্স) কিনে নিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সেটিকে ব্যবহার করছেন এবং প্ল্যাটফর্মটির নিরপেক্ষতা নষ্ট করেছেন। মনে রাখা জরুরি, গণমাধ্যম নিয়ন্ত্রণ মূলত তথ্যপ্রাপ্তির পথ নিয়ন্ত্রণের বিষয়। এ কারণেই গণমাধ্যম মালিকদের স্বার্থ নিয়ে গভীর অনুসন্ধান বা সমালোচনামূলক প্রতিবেদন খুব কমই দেখা যায়।

অঢেল সম্পদের লাগাম টানা কি সম্ভব?

পশ্চিমা বিশ্বে সম্পদ ও ক্ষমতা দ্রুতই অল্পসংখ্যক মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। তবে আশার দিক হলো, এই বৈষম্যপূর্ণ প্রবণতার অবসান হয়তো খুব দূরে নয়। ইতিহাস বলছে, অস্বাভাবিক মাত্রায় সম্পদ সঞ্চয়ের ঘটনা নতুন নয়। তবে তা ভেঙে দেওয়ার নজিরও আছে।

১৯১০-এর দশকে জন ডি. রকফেলার ছিলেন বিশ্বের সর্বোচ্চ ধনী। শেষ পর্যন্ত মার্কিন সরকার তার একচেটিয়া ব্যবসায়িক সাম্রাজ্য ভেঙে দেয়। পরবর্তীতে, ১৯৪৪ সালে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট অতিধনীদের আয়ের ওপর সর্বোচ্চ ৯৪ শতাংশ পর্যন্ত কর আরোপ করেন। রুজভেল্টের ‘নিউ ডিল’ কর্মসূচির অর্থায়নও এসেছিল এই কর থেকে। যেটি যুক্তরাষ্ট্রকে ১৯৩০ সালে মহামন্দা থেকে বের করে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাম্প্রতিক বছরগুলোর পানামা পেপারস, লাক্সলিকসসহ একাধিক ধনীদের গোপন সম্পদ প্রকাশ করে বৈষম্য ও ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। ফ্রান্সে এখন বিলিয়নেয়ার ও কোটিপতিদের ওপর কর আরোপের দাবি শক্ত রাজনৈতিক সমর্থন পাচ্ছে। তবে লড়াই সহজ নয়। একসময় আয়কর ব্যবস্থাকে ‘মার্ক্সবাদী’ ধারণা বলে তীব্র বিরোধিতা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা প্রতিষ্ঠা পেয়েছে। অতিধনীদের সম্পদের সামান্য অংশও যদি পুনর্বণ্টন করা যায়, তাহলে পশ্চিমা বিশ্বে ডানপন্থীদের প্রচারিত ‘সম্পদ ফুরিয়ে যাওয়ার’ ভীতি অনেকটাই প্রশমিত হবে।

সূত্র : আলজাজিরা।