সিল্কসিটিনিউজ ডেস্ক: এই বর্ষায় ঘরে ঘরে ইলিশের রকমারি রান্নার ঘটা। তবে একই রকম রেসিপি কি আর ঘুরিয়ে-ফিরিয়ে খেতে ভাল লাগে? তাই রইল দু’টি একটু অন্য স্বাদের ইলিশের পদ। কেমন লাগল জানাতে ভুলবেন না।
আম-আচার ইলিশ কাসুন্দি

উপকরণ:
ইলিশ মাছ— ৫ টুকরো
নুন— স্বাদমতো
আমের যে কোনও টক আচারের মশলাসমেত তেল— ২ টেবিলচামচ
কাসুন্দি— ১ টেবিলচামচ
চিনি— ১/২ চা-চামচ
পাঁচফোড়ন— ১/২ চা-চামচ
কাঁচালঙ্কা চেরা— ৪-৫টি
হলুদগুঁড়ো— ২ চা-চামচ
লঙ্কাগুঁড়ো— ১ চা-চামচ
সর্ষের তেল— ১/২ কাপ
জল— ৩/8 কাপ
প্রণালী: কড়াইতে তেল গরম করে নুন-হলুদ মাখানো ইলিশ মাছ হালকা করে ভেজে নিন। মাছ তুলে নিয়ে ওই তেলেই পাঁচফোড়ন দিন। এবার তাতে হলুদগুঁড়ো ও লঙ্কাগুঁড়ো দিয়ে একটু কষে নিন। জল ও ভাজা মাছ দিয়ে দিন। ফুটে উঠলে কাসুন্দি, কাঁচালঙ্কা ও আচারের তেল-মশলা দিয়ে ভাল ভাবে মিশিয়ে দিন। ঢাকা খুলে রান্না করুন যতক্ষণ না পর্যন্ত মাছ সেদ্ধ হয়ে যাচ্ছে ও মশলা থেকে তেল ছাড়ছে। এই রান্নাটি একটু মাখা মাখা হয় ও তেল দিয়েই ভাত মেখে খেতে হয়। রান্নাটা একটু নতুন ধরনের কিন্তু খেতে লাগে খুব ভাল।
ঢাকাই ইলিশ
ইলিশ মাছ— ৪ পিস
ঘি— ৪ টেবিলচামচ
সর্ষের তেল— ১/৪ কাপ
নুন— স্বাদমতো
চিনি— ১ চা-চামচ
পেঁয়াজ কুচো— ৪টি
শুকনো লঙ্কা— ৪-৫টি
টক দই— ১০০ গ্রাম
কাশ্মিরি লঙ্কাগুঁড়ো— ২ চা-চামচ
গোটা গরমমশলা
তেজপাতা— ২টি
প্রণালী: মাছ ধুয়ে রাখতে হবে। এইবার মাছে নুন, লঙ্কাগুঁড়ো, টক দই ও এক টেবিলচামচ সর্ষের তেল মাখিয়ে রাখতে হবে আধ ঘণ্টা। এবার কড়াইতে তেল ও ঘি একসঙ্গে গরম করতে হবে। তেল গরম হলে তাতে তেজপাতা ও গোটা গরমমশলা দিতে হবে। এইবার তেলের মধ্যে চিনি দিয়ে পেঁয়াজকুচি দিতে হবে। পেঁয়াজকুচির উপর মাছগুলি সাজিয়ে দিয়ে, ঢাকা দিয়ে রান্না করতে হবে মাঝারি আঁচে। একদিকে মাছ ও পেঁয়াজ সোনালি হয়ে গেলে মাছগুলো উল্টে দিতে হবে। সাবধানে মশলা থেকে তেল ছাড়লে একটু করে জলের ছিটা দিয়ে রান্না করতে হবে আরও ২ মিনিট। মশলা ও মাছ বেশ মাখা মাখা হলে কাঁচালঙ্কা দিয়ে নামিয়ে নিতে হবে।









