সিল্কসিটিনিউজ ডেস্ক:
কিয়েভ শহরের কেন্দ্রীয় শেভচেনকিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে। শহরের বিভিন্ন এলাকায় জ্বলতে থাকা গাড়ি, গুদামঘর ও অফিস ভবনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেঙ্কো জানান, হামলায় ৬৮ বছর বয়সী এক বৃদ্ধা এবং মেট্রো স্টেশনের কাছে কর্তব্যরত ২২ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা নিহত হন। রাতে তিন ঘন্টার বেশি সময়জুড়ে কিয়েভে বিস্ফোরণ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওয়াজ এবং ড্রোনের গর্জনে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ বুধবার বলেছেন, ‘কূটনীতির সব পথ প্রায় বন্ধ হয়ে গেছে।’ রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভও একই ধরনের মন্তব্য করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, ‘পুতিন আমাদের অনেক ‘বুলশিট’ দিচ্ছেন।
ট্রাম্প অতীতে দাবি করেছিলেন, ইউক্রেন যুদ্ধ তিনি একদিনেই থামাতে পারবেন, তবে এতদিনেও সেই প্রতিশ্রুতি বাস্তব রূপ পায়নি। যুদ্ধ বন্ধে অগ্রগতি না হওয়ায় পশ্চিমা মিত্রদের ফোকাস এখন ইউক্রেনকে সুরক্ষা দেওয়া এবং রাশিয়ার ওপর চাপ বাড়ানো। ইউরোপ একটি নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তুত করছে।
এই ইস্যুগুলো নিয়ে বৃহস্পতিবার থেকে রোমে ৭৭টি দেশের অংশগ্রহণে ইউক্রেনের পুনর্গঠন নিয়ে দুই দিনের এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। সেখানে ইউক্রেনের আকাশসীমা রক্ষার বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আজ বৃহস্পতিবারই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মালয়েশিয়ায় একটি সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন, যার কোনো শেষ এখনো দৃশ্যমান নয়। তারই ধারাবাহিকতায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এখন আরও বেশি নিয়মিত, তীব্র ও প্রাণঘাতী হয়ে উঠছে।
সূত্র : বিবিসি










