সদ্য প্রকাশিত
খেলা

কিউইদের চক্রান্তও রুখতে হবে টাইগারদের!

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
কিউইদের চক্রান্তও রুখতে হবে টাইগারদের!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সংকটেরও কল্পনাতে হয়ো না ম্রিয়মান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য এই মন্ত্রই এখন উপযুক্ত। মাঠে নামার আগেই অনেক সংকট দেখা দিয়েছে দলে। সবকিছুকে পেছনে ফেলে দাপুটে জয়ের লক্ষ্যে মাঠে নামাই হবে টিম টাইগারদের প্রধান লক্ষ্য।

চলতি সফরে চোট যতটা না শরীরে আঘাত করেছে তার চেয়ে বেশি আঘাত করেছে সম্ভবত ক্রিকেটারদের মনোজগতে। বিশেষ করে ওয়েলিংটনে কিউইদের নির্বিচার বাউন্সার আক্রমণের কাছে শারিরীক-মানসিক এবং খেলার ফলাফলে বিধ্বস্ত হয় টাইগাররা। পাল্টা বাউন্সার দিতে দেখা গেছে রাব্বিদেরকেও। কিন্তু টেস্টে নবীন, দীর্ঘসময় বল করার অনভিজ্ঞতার জন্য তারা ঠিক তাল মিলিয়ে উঠতে পারেননি। কিন্তু প্রতিপক্ষে শরীরে আঘাত করার মত অ-ক্রিকেটীয় আচরণ কখনওই কাম্য নয়।

অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেক হতে যাচ্ছে তিন ফরম্যাটেই দেশের সেরা ওপেনার তামিম ইকবালের। আক্রমণাত্বক স্বভাবের এই ব্যাটসম্যান অধিনায়ক হিসেবেও যে আক্রমণাত্বক হবেন তাতে কোনো সন্দেহ নেই। তিনি নিজেও বলেছেন এ কথা। সব মিলিয়ে সম্ভবত দুটি অভিষেক আর একটি প্রত্যাবর্তনের ঘটনা ঘটছে। ওপেনিংয়ে নেমে বড় ইনিংস খেলার সামর্থ আছে সৌম্য সরকারের। উইকেট কিপার নুরুল হাসান ইতোমধ্যেই নিজেকে বেশ ভালোভাবেই্ প্রমাণ করেছেন। অভিষিক্ত হলে আস্থা রাখা যেতে পারে নাজমুলের উপরেও।

এদিকে প্রথম টেস্টে কথা  উঠেছিল কিউইদের দূর্নীতি নিয়েও। সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে চতুর্থ দিনের খেলা শেষে পিচে পানি ছিটানো হয়েছিল। যা ক্রিকেটের নিয়মে শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনার ভিডিওচিত্র কোচ হাথুরুসিংহ ধারণ করেছিলেন। ম্যাচ রেফারির কাছে বিচারও দেওয়া হয়েছিল। কিন্তু স্রেফ স্যরি বলে বেঁচে গেছেন কিউরেটর। ক্রাইস্টচার্চে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে শক্ত অবস্থান নিতে হবে বাংলাদেশকে। মাঠে যেমন দাপট দেখাতে হবে ক্রিকেটারদের, মাঠের বাইরে তেমনি কোনো অনিয়ম ঠেকাতে শক্ত পদক্ষেপ নিতে হবে টিম ম্যানেজম্যান্টকে। সূত্র: কালের কণ্ঠ