সিল্কসিটিনিউজ ডেস্ক :
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। ওই ঘটনার একটি ভিডিও দেশটির গণমাধ্যমে এনডিটিভির হাতে এসেছে। বুধবার তা প্রকাশ করেছে গণমাধ্যমটি।
দূর থেকে ধারণ করা ভিডিওতে সন্ত্রাসীদের পর্যটকদের ওপর হামলা করতে দেখা গেছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ হামলা হয়েছিল।

ভিডিও ফুটেজে দেখা যায়, সবুজ ঘাসে ছড়িয়ে রয়েছে নিথর দেহ, পেছন থেকে শোনা যাচ্ছে গুলির শব্দ।
জম্মু-কাশ্মীরের ‘বৈসরান’ এলাকাটিকে স্থানীয়রা ভালোবেসে বলেন ‘মিনি সুইজারল্যান্ড’। এলাকাটি পেহেলগাম থেকে প্রায় ছয় কিলোমিটার উপরে অবস্থিত একটি মনোরম উপত্যকা। বসন্ত ও গ্রীষ্মকালে এই এলাকা ভরে ওঠে দেশি-বিদেশি পর্যটকে।
ভিডিওতে দেখা গেছে, শিশুরা খেলা করছে, এক নারী জিপলাইনে যাচ্ছেন, চারপাশে হাসি-আনন্দ। এর মধ্যেই হঠাৎ একটি গুলির শব্দ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চিৎকার, দৌড়ঝাঁপ, আতঙ্ক।
উল্লেখ্য, এ হামলার ঘটনায় ইতোমধ্যে নিষিদ্ধঘোষিত লস্কর-ই-তৈয়্যেবার প্রক্সি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) হামলার দায় স্বীকার করেছে।
হামলার পরপরই ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে এলাকা ঘিরে ফেলে এবং বড়সড় তল্লাশি অভিযান শুরু করে। দুর্গম পাহাড়ি পথে আহতদের হেলিকপ্টারে উদ্ধার করা হয়, স্থানীয়রা আহতদের টাট্টু ঘোড়ায় করে নিচে নামাতে সাহায্য করেন।
এনডিটিভি জানিয়েছে, হামলার পর জম্মু ও কাশ্মীর প্রশাসন অনন্তনাগ ও শ্রীনগরে জরুরি কন্ট্রোল রুম চালু করেছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বিমান সংস্থা শ্রীনগরগামী ফ্লাইট বাড়িয়েছে এবং রি-শিডিউল ও ক্যান্সেলেশনের ফি মওকুফ করেছে।
এতে আরও বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর সরকার নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা, গুরুতর আহতদের ২ লাখ টাকা এবং সামান্য আহতদের ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। ঘটনাস্থলে তদন্তে সাহায্য করতে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) এক আইজি নেতৃত্বাধীন টিম পাঠানো হয়েছে।
সূত্র: যুগান্তর










