সিল্কসিটিনিউজ ডেস্ক :
কাতার সরকার শুক্রবার জুমার নামাজের সময় দেশের সব বাণিজ্যিক, শিল্প ও অনুরূপ সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল সম্প্রতি এসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সই করেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুমার প্রথম আজান থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত দেড় ঘণ্টার জন্য দোকানপাট ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। তবে ফার্মেসি, হাসপাতাল, হোটেল, জ্বালানি স্টেশন, বেকারি, টেলিযোগাযোগ কম্পানি, বিমানবন্দর ও সমুদ্রবন্দরের দোকান, বিদ্যুৎ-পানি উৎপাদনকেন্দ্র এবং শিফটভিত্তিক জরুরি সেবা এই নির্দেশের বাইরে থাকবে।
পাশাপাশি স্থল, সমুদ্র ও আকাশ পথে যাত্রী ও পণ্য পরিবহন সেবাও অব্যাহতি পাবে। শেখ ফয়সাল বলেন, ‘জুমার নামাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনস্বার্থের কথা বিবেচনা করে নামাজের সময় সব ব্যবসা-বাণিজ্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আর এ নির্দেশ সরকারি গেজেটে প্রকাশের পর থেকেই বাস্তবায়ন শুরু হবে।

তাই কাতারের সব প্রাসঙ্গিক কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।









