সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার। সরাসরি সেটে জিতলেও র্যাংকিংয়ের ১৮১ নম্বরের মার্কিন তরুণ নোয়াহ রুবিনের বিপক্ষে ঘাম ঝরাতে হয়েছে।

মেলবোর্ন পার্কে প্রথম সেটেই দু’জনের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা। ৭-৫ গেমের জয়ে লিড নেন সুইস কিংবদন্তি। দ্বিতীয় সেটটি অনায়াসেই ৬-৩ গেমে পার করেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।
তৃতীয় সেটের লড়াই ছিল শ্বাসরুদ্ধকর। যা টাইব্রেকারে গিয়ে নিষ্পত্তি হয়। ৭-৬ (৭-৩) গেমের ফলাফলে কোর্ট ছাড়েন ৩৫ বছর বয়সী ফেদেরার। এর আগে অস্ট্রিয়ান জার্গেন মেলজারের বিপক্ষে চার সেটে প্রথম রাউন্ডের বাধা পার করেছিলেন দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা এ টেনিস আইকন।
চতুর্থ রাউন্ড নির্ধারণীতে ফেদেরারের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র তারকা টমাস বার্ডিচ। যিনি রুবিনের স্বদেশী রায়ান হ্যারিসনকে ৬-৩, ৭-৬ (৮-৬), ৬-২ গেমে হারিয়েছেন।
সূত্র: বাংলা নিউজ










