সিল্কসিটিনিউজ ডেস্ক:


রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আনোয়ার হোসেন (২১) চিকিৎসাধীন মারা গেছেন।
আজ রবিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দুপুরের দিকে চিকিৎসাধীন আনোয়ারের মৃত্যু হয়। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে হাসপাতালে আনার পর আইসিইউতে রাখা হয়েছিল।
একই ঘটনায় আক্তার হোসেন (১৯) নামে দগ্ধ আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীরেও একই রকম দগ্ধ হয়েছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কল্যাণপুরের নতুনবাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আক্তার ও আনোয়ার দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সূত্র: কালেরকন্ঠ










