সিল্কসিটিনিউজ ডেস্ক :
সুইডেন বুধবার এস্তোনিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছনোর কথা জানিয়েছে, যার আওতায় দেশটির কারাগারে স্থান না পাওয়া সর্বোচ্চ ৬০০ কয়েদিকে বিদেশে সাজা ভোগের জন্য পাঠানো হবে।
দুই দেশের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, সুইডেন এস্তোনিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত তার্তু কারাগারে ৪০০টি সেল ভাড়া নিতে পারবে, যেখানে মোট ৬০০ কয়েদিকে রাখার ব্যবস্থা রয়েছে। সুইডিশ বিচারমন্ত্রী গুনার স্ট্রমার জানান, এস্তোনিয়া তাদের ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ অংশীদার’ এবং বন্দিদের বিষয়ে দুই দেশেরই আন্তর্জাতিক প্রতিশ্রুতি রয়েছে।

এক সংবাদ সম্মেলনে স্ট্রমার বলেন, ‘তাই সুইডেন ও এস্তোনিয়ার মধ্যে আরো গভীর সহযোগিতার জন্য অত্যন্ত অনুকূল পরিস্থিতি রয়েছে।
তিনি আরো জানান, এই চুক্তি বাস্তবায়নের জন্য সুইডেনের আইন সংশোধন করতে হবে এবং পার্লামেন্টে তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন প্রয়োজন হবে। তবে সুইডেনের পার্লামেন্ট এই চুক্তি অনুমোদন দেবে কি না, তা এখনো অনিশ্চিত। বিরোধী কয়েকটি রাজনৈতিক দল ও কারা কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী শ্রমিক ইউনিয়নগুলো ইতিমধ্যে এই পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছে বা সরাসরি বিরোধিতা করেছে।
ইউরোপের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে অনুরূপ ব্যবস্থা পরীক্ষা করে দেখেছে, যার মধ্যে রয়েছে নরওয়ে ও বেলজিয়াম, যারা অতীতে নেদারল্যান্ডসে কারাগারের সেল ভাড়া নিয়েছিল।
অন্যদিকে ডেনমার্ক বর্তমানে কোসোভোতে কয়েদি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
সুইডেনে সাম্প্রতিক বছরগুলোতে সহিংস অপরাধ বেড়েছে, বিশেষ করে প্রতিদ্বন্দ্বী অপরাধ চক্রগুলোর মধ্যে দ্বন্দ্ব থেকে সৃষ্ট গোলাগুলি ও বোমা হামলার ঘটনা। সরকার জানিয়েছে, কেবল সেই কয়েদিদেরই এস্তোনিয়ায় পাঠানো হবে, যাদের বিস্তৃত চিকিৎসাসেবা প্রয়োজন নেই এবং যারা উচ্চ নিরাপত্তা ঝুঁকির আওতাভুক্ত নয়।
এ ছাড়া স্ট্রমার বলেন, এস্তোনিয়ার সঙ্গে আলোচনার সময় সুইডেনের নীতিগত লক্ষ্য ছিল ‘সুনিশ্চিত করা, এস্তোনিয়ায় সাজা ভোগের অভিজ্ঞতা যেন যতটা সম্ভব সুইডেনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়’।
‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে’ এস্তোনিয়ার বিচারমন্ত্রী লিসা-লি পাকোস্তার সঙ্গে এই চুক্তি স্বাক্ষর ককরার আশার কথাও জানান তিনি। পার্লামেন্টে অনুমোদন পেলে এই চুক্তি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
সূত্র: কালের কণ্ঠ










