রাজশাহী

এমপি উপস্থিত না থাকায় গোদাগাড়ীতে জঙ্গিবাদবিরোধী কনসার্ট পণ্ড করলো পুলিশ

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

স্থানীয় এমপি উপস্থিত থাকতে না পারায় রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা ও কনসার্ট পণ্ড করে দিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ মাঠে জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা এবং কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

  • এর আয়োজন করে প্রাণ আপ কম্পানী। কিন্তু শেষ পর্যন্ত আয়োজনটি পুলিশ পণ্ড করে দেওয়া ঢাকা থেকে তিনজন শিল্পী রাজশাহীতে এসেও আবার ফিরে গেছেন। আবার শত শত মানুষ ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।

প্রাণ আপ কম্পানীর পক্ষ থেকে দাবি করা হয়, গোদাগাড়ীর মাটিকাটা কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এবং প্রাণ আপ কম্পানীর সহযোগিতায় গতকাল শুক্রবার বিকেল তিনটা থেকে কলেজ মাঠে জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা ও কনসার্টের আয়োজন করা হয়।

 

এতে স্থানীয় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধূরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, কাঁকনহাট পৌর মেয়র আব্দুল মজিদ এবং গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সির। তবে এমপি ওমর ফারুক চৌধুরী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে সেটি পণ্ড করে দিয়েছে পুলিশ।

 

এছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা ছিল চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুল, রেশমি মীর্জা এবং শাহানাজ চিত্রা’র। এর জন্য ঢাকা থেকে শুক্রবার সকালেই রাজশাহীতে গিয়ে হোটেলে অবস্থান নিয়ে অপেক্ষা করতে থাকেন ওই শিল্পীরা।

 

ঢাকা থেকে সাউন্ড সিস্টেমসহ আনুসঙ্গিক জিনিসপত্র নিয়ে যাওয়া ওই আয়োজনের জন্য। কিন্তু শেষ মুহূর্তে আয়োজনটি গোদাগাড়ী থানা পুলিশ করতে না দেওয়ায় সবকিছু ভেস্তে যায়। গান পরিবেশন করতে না পেরেই ঢাকায় ফিরতে হয় শিল্পীদের। এছাড়াও জঙ্গিবিরোধী আলোচনা সভা ও কনসার্টে যোগ দিতে শত শত মানুষ দুপুরের পর পরই গোদাগাড়ী মাটিকাটা কলেজ মাঠে গিয়ে উপস্থিত হলেও তারাও শেষে নিরাশ হয়ে বাড়ি ফেরেন।

 

  • প্রাণ আপ কম্পানীর সহকারী ব্যবস্থাপক রায়হান আলী বলেন, ‘ওই অনুষ্ঠানের জন্য স্থানীয় থানাসহ পুলিশের জেলা বিশেষ শাখা থেকেও অনুমোদন নেওয়া হয়েছিল। কিন্তু এমপি সাহেব অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে দুপুরে হঠাৎ করে অনুষ্ঠান পণ্ড করে দেয় গোদাগাড়ী থানা পুলিশ। এতে করে প্রাণ আপ কম্পানী অন্তত ৮ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। তবে বড় বিষয়টি স্থানীয়দের মাঝে জঙ্গিবাদবিরোধী সচেতনতা সৃষ্টির জন্য যে আয়োজন করা হয়েছিল, সেটিও পণ্ড হয়ে গেছে।’

এদিকে মাটিকাটা কলেজের আয়োজনটির দায়িত্বে ছিলেন শিক্ষক আকবর আলী।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কি কারণে অনুষ্ঠানটি পণ্ড হলো বলতে পারবো না। তবে মানুষ হতাশ হয়েছে এই ধরনের আয়োজন থেকে বঞ্চিত হওয়ায়।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে গোদাগাড়ী থানার ওসি হিফজুল মুন্সি বলেন, ‘অনুষ্ঠানে এমপি সাহেব উপস্থিত থাকতে পারবেন না বলে সেটি পণ্ড করে দেওয়া হয়েছে-এটা ঠিক নয়। তিনিও সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে অনুষ্ঠানটি হলে সেখানে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে-এমন আশঙ্কায় আয়োজনটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
তাহলে জেলা বিশেষ শাখা থেকে কিভাবে অনুমতি দেওয়া হলো-এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তারা দিতে পারেন। তবে আমার কাছে বিষয়টি নিয়ে ঝামেলা হতে পারে বলেই বন্ধ করে দিয়েছি।’
তবে বিষয়টি নিয়ে এমপি ওমর ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।

স/আর