বিজ্ঞান ও প্রযুক্তি

এমএনপির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর বদলের সুযোগ বা এমএনপি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ অক্টোবর) গণভবনে এক অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা সিম থেকে যে কোনো অপারেটরে আরেকটা সিমে নম্বর পরিবর্তন করা বা একটা অপারেটর থেকে আরেকটা অপারেটরে যাওয়ার যে আধুনিক প্রযুক্তি, পৃথিবীর খুব সীমিত দেশ এটা ব্যবহার করে। আমরা সেই যুগে প্রবেশ করছি।যদিও এটি একটা জটিল বিষয়, সেটাকে আজকে সহজভাবে করে দেওয়া হয়েছে। এই এমএনপি সেবায় অনেকের জন্য সুবিধা হবে।’

শেখ হাসিনা বলেন, সারা দেশে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট দেয়ার কাজ হচ্ছে। ব্রডব্র্যান্ড সেবা গ্রাম, জেলা উপজেলা পর্যন্ত পৌঁছে গেছে। প্রতিটা গ্রামকে আমরা শহরে উন্নীত করছি।

তিনি বলেন, ই-ফাইলিং সুবিধা চালু হওয়ায় এখন যে কোনো জায়গায় বসে কাজ সারার সুযোগ তৈরি হয়েছে। একটা কর্মঘণ্টা নষ্ট হচ্ছে না।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনিসহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহুরুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, সাংসদ নাহিন রাজ্জাক এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মোবাইল অপারেটরগুলোর প্রতিনিধিরা।