নিজস্ব প্রতিবেদক:
‘যেখানেই থাকি, থাকুক হৃদয়ে গোদাগাড়ী; যতদিন বাঁচি, বাঁচুক প্রাণে গোদাগাড়ী’ -এই স্লোগান ধারণ করে প্রতিষ্ঠিত হয় গোদাগাড়ী উপজেলা সমিতি, ঢাকা। ঢাকায় অবস্থানরত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দারা এই সংগঠনের সদস্য। উপজেলাবাসীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ করার লক্ষ্যে প্রতিবছরই এ সমিতি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।


এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে রাজধানী ঢাকার অদূরে গাজিপুরের পূবাইলে অবস্থিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দৃষ্টিনন্দন রিসোর্ট ‘আপন ভুবন পিকনিক এবং শুটিং স্পটে’ অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেদিন সব ব্যস্ততাকে একপাশে রেখে সবাই মিলিত হবেন এক স্থানে।
এই আয়োজনে নিজ এলাকার মানুষকে কাছে পেয়ে গল্প-আড্ডা, খেলাধুলা আর হই হুল্লোড়ে মেতে উঠবেন সবাই। তৈরী হবে গাজিপুরের বুকে একখণ্ড গোদাগাড়ী। এ আয়োজনে অংশ নিতে গোদাগাড়ী উপজেলাবাসীকে আহ্বান জানানো হয়েছে। গোদাগাড়ীর যে কোনো বাসিন্দা আয়োজনে অংশ নিতে পারবেন। সঙ্গে নিতে পারবেন অতিথিও।

ঢাকাস্থ গোদাগাড়ী উপজেলা সমিতি জানিয়েছে, বনভোজনে অংশগ্রহণের জন্য যোগাযোগ করা যাবে মো. ওমর ফারুকের সঙ্গে (০১৭৪৯৬৫৩২৬৮)। চাঁদার পরিমাণ ১ হাজার ১০০ টাকা। কুপন সংগ্রহ করা যাবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের পর আর কুপন প্রদান করা হবে না।
গোদাগাড়ী উপজেলা সমিতি, ঢাকা’র সভাপতি মো. ফজলুর রহমান বলেন, ‘গোদাগাড়ীর যত বেশি মানুষ এ আয়োজনে অংশ নেবেন, সবার ভালো লাগা তত বেশি হবে। তাই আমরা সবাইকে সপরিবারে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। সবার সানুগ্রহ উপস্থিতি গোদাগাড়ী উপজেলা সমিতি, ঢাকা’র সদস্যদের আনন্দকে আরো উজ্জীবিত ও প্রাণবন্ত করবে।’
সবার সহযোগিতা ও অংশগ্রহণে এ আয়োজন আনন্দময়, সফল ও সার্থক হবে বলে তিনি প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ঢাকায় থাকা গোদাগাড়ীর একঝাঁক নবীন ও প্রবীণের নেতৃত্বে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় গোদাগাড়ী উপজেলা সমিতি, ঢাকা। সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনের মাধ্যমে ঢাকায় গোদাগাড়ীবাসীর মধ্যে যেমন মেলবন্ধন তৈরি হয়েছে, তেমনি আপদে-বিপদে একে-অপরকে পাশেও পাচ্ছেন। সংগঠনটি গোদাগাড়ীতে নানা সামাজিক কার্যক্রমও পরিচালনা করে থাকে।









