সিল্কসিটিনিউজ ডেস্ক:
এক বিতর্কিত ঘটনার জেরে তোলপাড়ৃ চলছে ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে । স্লিপে দাঁড়িয়ে থাকা এক ফিল্ডার আঙুলের কারসাজিতে শব্দ করে এমন পরিস্থিতি তৈরি করেন, যাতে মনে হয় ব্যাটে বল লেগেছে।
সেই শব্দের কারণে ব্যাটারকে আউটও দেন আম্পায়ার। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে সল্টবার্ন সিসি বনাম নর্টন সিসি ম্যাচে। সেই ফিল্ডারের নাম ব্রায়ান ডিভাইন। সোশ্যাল প্লাটফর্মে এমন এক ভিডিও ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় অষ্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনে।

নেটিজেনরা কটুক্তি করে ডিভাইনের নাম দিয়েছেন ‘ক্লিকি পন্টিং’।
ভিডিওতে দেখা যায়, উইকেটকিপার স্টাম্পের একেবারে কাছে দাঁড়িয়ে ছিলেন। ব্যাটার বল খেলতে গিয়ে মিস করেন। উইকেটকিপার বলটি ধরতেই আশপাশের ফিল্ডাররা জোরালো আবেদন শুরু করেন এবং আম্পায়ার আঙুল তুলে আউট দেন।
তবে ব্যাটার স্পষ্টতই হতবাক হয়ে মাথা নাড়তে থাকেন এবং স্লিপে থাকা ফিল্ডারের দিকে ইশারা করেন। তাঁর দাবি ছিল, ব্যাটে বল লাগেনি। কিন্তু ততক্ষণে তাঁকে মাঠ ছাড়তে হয়।
এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, এখন সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি বল ব্যাটে লেগেছিল, নাকি স্লিপ ফিল্ডার আঙুলের ‘ক্লিক’ করে ব্যাটে বল লাগার শব্দ নকল করেছিলেন? এই ঘটনার পরে ফিল্ডার ব্রায়ান ডিভাইনকে সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকেই ব্যঙ্গ করে ‘ক্লিকি পন্টিং’ নামে ডাকতে শুরু করেছেন। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রিকি পন্টিংয়ের নামের সঙ্গে মিল রেখেই এই নাম।
তবে নির্দিষ্ট কোনও কারণ জানা যায়নি।
বিতর্ক আরো বাড়িয়ে দিয়েছেন মিডলসবরো ক্রিকেট ক্লাবের সেকেন্ড টিমের অধিনায়ক। তিনি দাবি করেছেন, এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ।
তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ডিভিশন দুইয়ের একটি ম্যাচে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমরা আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনও মন্তব্য করা হবে না।’
একাধিক রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩৮ বছর বয়সি ব্রায়ান ডিভাইন নর্দার্ন ইংল্যান্ডের একটি এস্টেট এজেন্সি ও অকশন হাউসের সেক্রেটারি। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত তিনি। সিনিয়র দলের হয়ে ২৪ বছরের কেরিয়ারে খেলেছেন ৪৮১টি ম্যাচ। সল্টবার্নের কিংবদন্তি হিসেবেও ধরা হয় তাঁকে।










