অর্থ ও বাণিজ্য

ঋণ জালিয়াতি: ফারমার্স ব্যাংকের ৫ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফারমার্স ব্যাংকে (বর্তমানে পদ্মা ব্যাংক) জালিয়াতির মাধ্যমে ঋণের নামে অন্তত ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে শেরপুর শাখার পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঋণ জালিয়াতির অভিযোগে ব্যাংকটির ৯ কর্মকর্তাকে আজ তলব করা হয়েছে।

বর্তমানে শেরপুর শাখার পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বাকি চার কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।এর আগে সোমবার ব্যাংকটির ৯ কর্মকর্তাকে চিঠি পাঠিয়ে তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ব্যাংকটির শেরপুর শাখার যে পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা হলেন- অপারেশনস ম্যানেজার এডিএম সোলাইমান, ক্রেডিট অফিসার কামরুল ইসলাম, ইমাম হোসাইন, মো. আবদুল্লাহ ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. আবু নাঈম।

এ ছাড়া প্রধান কার্যালয়ের কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের এসভিপি অলক কুমার বিশ্বাস, হেড অব এইচআরডি রিতা সেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আমিন এবং গুলশান শাখার হেড অব সিএডি আশীষ কুমার লস্করকে জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদক সূত্রে জানা গেছে, হযরত আলী নামে শেরপুরের এক ব্যবসায়ী ফারমার্স ব্যাংক থেকে ১০০ কোটি টাকার ঋণ নেন। ঋণের বিপরীতে যে জমির কাগজপত্র দেন তার অধিকাংশই নকল। তার ব্যবসায়িক সিআইবি রিপোর্টও ভালো ছিল না। তার কাছ থেকে সুবিধা নিয়ে অনৈতিকভাবে এ ঋণ পাইয়ে দেয়ার ব্যবস্থা করেন ব্যাংকের কর্মকর্তারা।

এদের মধ্যে ফারমার্স ব্যাংকের সাবেক পরিচালক মাহবুবুল আলম চিশতিও রয়েছেন। তাকেও এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে। হযরত আলী কৃষি ব্যাংকের অপর একটি ঋণ জালিয়াতির মামলায় বর্তমানে জেলে।