সিল্কসিটিনিউজ ডেস্ক :
কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে এবং কয়েক ডজন লোক ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। হোটেল, গেস্ট হাউস এবং বাড়িঘরসহ কমপক্ষে ২৫টি স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা দৃশ্যপট অত্যন্ত ভয়াবহ— পাহাড়ি ঢালে হঠাৎ নেমে আসা প্রচণ্ড জলরাশি এলাকার রাস্তা, বাড়ি ও দোকান গুঁড়িয়ে দিয়েছে। ধারালি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে রয়েছে বহু হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ।
দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে (ভারতীয় সময়) হঠাৎ ভারি বৃষ্টির ফলে খীরগঙ্গা নদীতে প্রচুর জলস্রোত নেমে আসে এবং কাদাযুক্ত জল গ্রাম এলাকায় ছড়িয়ে পড়ে।
প্রাচীন কাল্পকেদার মন্দিরটিও কাদার নিচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জনগণকে জল থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছেন।
উত্তরকাশীর জ্যেষ্ঠ কর্মকর্তা প্রশান্ত আর্য জানিয়েছেন, এলাকায় দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে খবর পৌঁছানো ও উদ্ধার কার্যক্রমে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, ‘এখানে বহু হোটেল ও রেস্তোরাঁ থাকায় আমরা একাধিক উদ্ধারকারী দল পাঠিয়েছি।’ ধারালি হরসিল থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে একটি বিশাল ভারতীয় সেনা ঘাঁটি রয়েছে। আধাসামরিক ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের একটি ক্যাম্পও রয়েছে কাছাকাছি।
দুই বাহিনীর সদস্যরা ইতিমধ্যে দুর্গত এলাকায় পৌঁছেছেন এবং পরিস্থিতি মূল্যায়ন করছেন। তবে টানা ভারি বর্ষণের কারণে উদ্ধারকাজ ধীরগতিতে চলছে। প্রতিবেদন অনুযায়ী, কিছু আহত ব্যক্তিকে হরসিল সেনা ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র : বিবিসি, দ্য হিন্দু










