সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ভেসে গেল বহু বাড়ি-হোটেল, মৃত অন্তত ৪

নিউজ ডেস্ক৫ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ভেসে গেল বহু বাড়ি-হোটেল, মৃত অন্তত ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে আকস্মিক বন্যার স্রোতে ভেসে গেল উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালী গ্রামের বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যে এই দুর্যোগে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে।

গ্রামবাসীর উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বহু বাড়িঘর তো বটেই, ধরালী গ্রামে থাকা অন্তত ২০-২৫টি হোটেল ও হোমস্টে ভেসে গিয়েছে।

ধ্বংসস্তূপের নিচে অন্তত ১০-১২ জন আটকে পড়েছে বলেও আশঙ্কা করছে গ্রামবাসী। গ্রামের নিকটবর্তী ক্ষীরগঙ্গা নদীর উচ্চ অববাহিকায় মেঘ ভাঙা বৃষ্টি হয়। তার পরই ওপর থেকে দুই কূল ছাপিয়ে গ্রামের দিকে নামতে শুরু করে ফুঁসতে থাকে ওই নদী।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অযাচাইকৃত একাধিক ভিডিওতে দেখা যায়, উঁচু পাহাড় থেকে নিচে থাকা গ্রামে কার্যত ঝাঁপিয়ে পড়ছে নদীর পানি।

তারপর সব কিছু ভাসিয়ে আরো নিচের দিকে নামছে সেই পানি। ইতিমধ্যে এই দুর্যোগে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খোঁজ পাওয়া যাচ্ছে না প্রায় ৫০ জনের।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, উদ্ধারকাজে জেলা প্রশাসনের পাশাপাশি হাত লাগিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের সদস্যরাও।

পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) ১৬ জন সদস্য।
আনন্দবাজার জানিয়েছে, হিমালয়ের কোলে থাকা উত্তর ভারতের রাজ্যগুলোতে কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। হরিদ্বারে গঙ্গা বিপৎসীমার ওপর দিয়ে বইছে। বিপৎসীমার ওপরে রয়েছে কালী নদীও। এক নাগারে ভারি বর্ষণের জেরে উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনে সোমবার সব স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখতে হয়।

এই পরিস্থিতিতে আকস্মিক বন্যার আশঙ্কা ছিলই। অল্প সময়ে অনেক পরিমাণে বৃষ্টির জেরে পরিস্থিতির দ্রুত অবনতি হয় উত্তরকাশী জেলার ধরালী গ্রামে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারি বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বহু গুরুত্বপূর্ণ রাস্তা পানি তলায়। চারধামের অন্যতম গঙ্গোত্রীর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

ধরালী গ্রামের মাত্র চার কিলোমিটার দূরে হরসিলে রয়েছে সেনাবাহিনীর ক্যাম্প। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ১৫০ জন ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। ১৫-২০ জনকে উদ্ধার করা গেলেও বাকিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। আহতদের ক্যাম্পেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে দুর্যোগটি হয়। তার কিছু সময় পরই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘ধরালীর আকস্মিক বন্যা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ওই ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছি। আইটিবিপির তিনটি দল, জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) চারটি দল ঘটনাস্থলে গিয়েছে।’