
লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে চাঁদার দাবিতে আটক রাখা ঈশ্বরদী পারমাণবিক প্রকল্পে কর্মরত ভারতীয় একজনসহ দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (৯ নভেম্বর ২০২১) রাতে অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পাবনার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাহাড়পুর কুলিং টাওয়ার্স লিমিটেডে কর্মরত নেত্রকোনার বারহাট্টার অতিথপুর গ্রামের মো. শহিদুল হকের ছেলে মো. লোকমান মিয়া (২৩) এবং ভারতের দেউড়িয়া উত্তর প্রদেশের রুদ্রপুর থানার কোরমার মাহাদাহা গ্রামের শ্রী রামকৃষ্ণ গুপ্তার ছেলে রামবদন গুপ্তা (পাসপোর্ট নং-পি ৮৮৫৫৯৩৯) বাসা থেকে বের হন। মঙ্গলবার সকালেও রামবদন গুপ্তা ঈশ্বরদীর আলোবাগ মোড়ের অস্থায়ী আবাসিক পিসিটিএলের ২ নম্বর গেষ্ট হাউজ ফেরেননি।
এদিকে রামবদন গুপ্তার স্ত্রী তাঁর সাথে ফোনে যোগাযোগ করতে না পেরে মঙ্গলবার সকালে ভারতীয় এইচআর ম্যানেজার শামিম আক্তারকে জানান। তিনি রামবদন গুপ্তার সাথে যোগাযোগ করে জানতে পারেন, সোমবার বিকেলে লোকমান মিয়ার সাথে শাড়ি কেনার জন্য লালপুর বাজারে আসলে কয়েকজন দৃস্কৃতিকারী তাদের আটকে রেখে মারপিট করে এক লাখ টাকা চাঁদা দাবি করে খুন করার ভয়ভীতি দেখায়।
মঙ্গলবার সকালে রামবদন গুপ্তার হোয়াটসঅ্যাপ থেকে সিনিয়র অফিসার মনতোষ মূখার্জিকে জানান কতিপয় ব্যক্তি তাকে ও লোকমানকে আটক করে রেখেছে। এক লাখ টাকা চাঁদা দিলে তদেরকে ছেড়ে দেবে। এ সময় দুষ্কৃতিকারীরা টাকা নিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের ২নম্বর গেটে
আসতে বলেন। তিনি দাবিকৃত টাকা নিয়ে আসার কথা বলে আটককৃতদের কোন ক্ষতি না করার অনুরোধ করেন। বিষয়টি তিনি তাৎক্ষনিকভাবে ঈশ্বরদী থানা পুলিশকে অবহিত করেন। ঈশ্বরদী ও লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বাহাদিপুর গ্রামের নর্থ বেঙ্গল সুগার মিলের লেবার লাইনের সরকারী একটি টিনসেড ঘর থেকে তাদের উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৫/৬ জন দৃস্কৃতিকারী কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় পাহাড়পুর কুলিং টাওয়ার্স লিমিটেডের পক্ষ থেকে যশোরের নীলগঞ্জ সুপারি বাগানের মৃত সুনীল কুমার শীলের ছেলে বিপুল কুমার শীল (৩৬) বাদি হয়ে মঙ্গলবার রাতে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত আছে।









