বাংলা একাডেমি অত্যন্ত বিচক্ষণ। তারা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিশ্লেষণ করে দেখেছে এ দেশের সিংহভাগ মানুষ গরীব। দীর্ঘ ‘ঈ’ দিয়ে ‘ঈদ’ লিখলে সেটা সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈদের প্রতিনিধিত্ব করে না। কারণ গরীব মানুষের ঈদ-আনন্দ দীর্ঘ বা দীর্ঘতর হয় না। বরং গরীবের ঈদ হঠাৎ দেখা বিজলীর মতো। এই আছে, এই নেই। অথবা জানালায় এসে হঠাৎ বসা চড়ুই পাখির মতো। একটু দেখা দিয়েই ফুরুৎ। অনেকের ক্ষেত্রে আনন্দের উল্টোটাও ঘটে।
‘ঈ’ দিয়ে লেখা ‘ঈদ’ উচ্চবিত্ত বা বিত্তবানের প্রতিনিধিত্ব করে। তাই গণতন্ত্রের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল হয়ে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর অনুভূতির প্রতি উপযুক্ত সম্মান ও সহমর্মিতা দেখিয়ে ‘ঈদ’-এর বদলে ‘ইদ’ শব্দটা চালু করেছে বাংলাদেশে বাংলাভাষার কর্ণধার (বাংলা ভাষাকে কান ধরে ওঠ-বস করান তারা) মহামহিম জ্ঞানতীর্থ বাংলা একাডেমি।
তাছাড়া তারা আরও ভেবে দেখেছে যে, এই ডিজিটাল যুগে কোন কিছুই তো দীর্ঘ থাকছে না। সবই হ্রস্ব বা ছোট হয়ে আসছে। যেমন আগেকার দিনে কলের গানের ডিস্কগুলো কত বড় ছিল। সেই তুলনায় এখনকার সিডি কত ছোট! আগের সিআরটি মনিটরের যে আজদাহা মার্কা চেহারা ছিল, তার ছিঁটেফোটাও কি আমরা হাল আমলের সুপারস্লিম মনিটরে খুঁজে পাব?

জার্মান অর্থনীতিবিদ E. F. Schumacher তো আর চার দশক আগেই লিখেছেন ‘Small Is Beautiful’। আবার দেখুন, আকার, আয়তনে কোন হেরফের না ঘটলেও প্রায়শই আমরা একটা কথা শুনে থাকি….’ছোট হয়ে আসছে পৃথিবী’।
এদিকে, বিশ্ব নেতারা তো ‘Global Village’ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছেন। শুনলে আমার নিজের গ্রামের মতোই পৃথিবীটাকে ছোট মনে হয়। মনে হয় ১০ মিনিট হাঁটলেই পৃথিবী হাঁটা হয়ে যাবে। তাই বাংলা একাডেমিকে গর্ধভ, অন্ধ বা ব্যাক-ডেটেড ভাবার কোন সুযোগ বা কারণ নেই। সবকিছু ভেবে-চিন্তে যুগের সাথে যোগাযোগ রাখতে, নিজেদের সময়োপযোগী মোড়ল প্রমাণ করতে বাংলা একাডেমি এই মহতী পদক্ষেপ নিয়েছে। সাধু! সাধু! হাসব না কাঁদব বুঝতে পারছি না।
লেখক: সাংবাদিক এবং কবি










