সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঈদুল আজহা মানেই কোরবানির মাংস দিয়ে পাতে নানা পদ। এই সময় অধিকাংশ মানুষই খাওয়া-দাওয়ায় ছাড় দেন না, বিশেষ করে গরু বা খাসির মাংস খেতে গিয়ে অনেকেই মাত্রার বাইরে চলে যান। কিন্তু অতিরিক্ত লাল মাংস খাওয়ার ফলে শরীরে দেখা দিতে পারে নানান ধরনের সমস্যা—যেমন গ্যাস্ট্রিক, অস্বস্তি, উচ্চরক্তচাপ বা কোলেস্টেরলের জটিলতা।
পুষ্টিবিদদের মতে, মাংসে থাকা সাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল যেমন আমাদের শরীরে জটিলতা সৃষ্টি করতে পারে, তেমনি এতে থাকা জিংক রক্তশূন্যতা পূরণেও সহায়তা করে। তাই মাংস খেতে হবে পরিমিতভাবে, সচেতন থেকে।
তবে ঈদের আনন্দে যদি পরিমাণের চেয়ে বেশি মাংস খেয়েই ফেলেন, তাহলে কী করবেন? পুষ্টিবিদদের দেওয়া সহজ কিছু উপায় মেনে চললেই উপশম মিলবে—

১. পরিমিত হাঁটা: যেদিন মাংস বেশি খাওয়া হবে, সেদিন অন্তত ২০-৩০ মিনিট হাঁটুন। এমনভাবে হাঁটুন যাতে ঘাম ঝরে; এতে অতিরিক্ত ক্যালোরি পুড়বে।
২. মেন্যুতে ভারসাম্য আনা: প্রতিদিন মাংস না খাওয়াই ভালো। ডাল, ভর্তা, ভাজি আর ভাতই হতে পারে স্বাস্থ্যকর ঈদের খাবার।
৩. অ্যাপল সাইডার ভিনেগার: এক গ্লাস পানিতে এক চা চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে পান করলে হজমে সহায়তা করে।
৪. পুদিনাপাতার চা: এক মুঠো পুদিনা গরম পানিতে ভিজিয়ে, স্বাদ বৃদ্ধিতে মধু মিশিয়ে পান করতে পারেন।
৫. ফল খাওয়া: অস্বস্তি হলে লেবু, কমলালেবু ও মাল্টার মতো সাইট্রাস ফল খান।
৬. হলুদ পানি: কুসুম গরম পানিতে হলুদ গুঁড়া, লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন। এটি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান হিসেবে কাজ করে।
৭. পর্যাপ্ত পানি: গ্যাস ও হজমের সমস্যা রোধে প্রচুর পানি পান করুন।









