চাঁপাইনবাবগঞ্জ

ইসলাম ধ্বংস করার জন্য জামায়াতই যথেষ্ট: অধ্যাপক শাহজাহান মিঞা

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

ইসলাম ধ্বংস করার জন্য জামায়াতই যথেষ্ট বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। আজ শুক্রবার বিকেলে সংসদীয় আসন ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের চককির্তি ইউনিয়নের চককির্তি বাজার প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ইসলাম ধ্বংস করার জন্য জামায়াতই যথেষ্ট। এসময় তিনি দেশের বিভিন্ন ইসলামিক আলোচকের উদৃতি দিয়ে বলেন, জামায়াতের চরিত্র এবং কার্যক্রম দেখে আলেম ওলামারা বলছেন ইসলাম ধ্বংস করার জন্য জামায়াতই যথেষ্ট। এসময় তিনি বিএনপিকে ইসলাম অনুরাগী দল দাবি করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ্‌ অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তিনিই প্রতিষ্ঠিত করেছিলেন।

তিনি আরও বলেন, জামায়াত ১৯৭১ কে মুছে দিতে চাই। কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছি ততদিন সেটা হতে দিবোনা। এসময় সকলকে জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। নির্বাচিত হলে শিবগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। চককির্তি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশরাফুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাদিকুল ইসলাম কাচু, সিনিয়র যুগ্ম আহবায়ক সারওয়ার এ আলম মিয়া, যুগ্ম আহবায়ক রিপন আহম্মেদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যরা।