সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন হামাস নেতার

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২৫২ মিনিট পড়া
ইসরাইলি হামলায় মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন হামাস নেতার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলের বিমান হামলায় গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বারহুম নিহত হয়েছেন। রোববার খান ইউনিসের নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হামাসের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ‘ইসরাইলি সেনাবাহিনী হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বারহুমকে হত্যা করেছে। যুদ্ধবিমান নাসের হাসপাতালের অপারেশন থিয়েটার লক্ষ্য করে বোমা হামলা চালায়, যেখানে বারহুম চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার ভোরে খান ইউনিসে নিজের বাড়িতে ইসরাইলি হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।’

হামলার পর প্রকাশিত এএফপি’র ছবিতে হাসপাতাল ভবনটি প্রায় অক্ষত দেখা গেলেও একটি সিঁড়ির পাশের অংশে আগুন জ্বলতে দেখা গেছে।

বারহুম হলেন গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত নিহত চতুর্থ হামাস রাজনৈতিক ব্যুরোর সদস্য। ইসরাইল যুদ্ধবিরতির আলোচনা বন্ধ হওয়ার পর থেকে নতুন করে বিমান হামলা শুরু করেছে।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ এক বিবৃতিতে বারহুমকে টার্গেট করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ব্যাপক গোয়েন্দা তথ্য বিশ্লেষণের পর ‘সুনির্দিষ্ট অস্ত্র’ ব্যবহার করে হামলাটি চালিয়েছে। তাদের দাবি, ‘বারহুম হাসপাতালের ভেতর থেকে হামাসের হয়ে কার্যক্রম চালাচ্ছিলেন।’

এদিকে, গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘ইসরাইলি বাহিনী নাসের মেডিকেল কমপ্লেক্সের সার্জারি বিভাগে হামলা চালিয়েছে, যেখানে বহু রোগী ও আহত ব্যক্তি ছিলেন। হামলার পর সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।’

মন্ত্রণালয় পরে জানায়, হামলায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কিছু চিকিৎসাকর্মীও রয়েছেন। পুরো বিভাগটি খালি করে ফেলা হয়েছে।

গাজার সিভিল ডিফেন্স রেসকিউ এজেন্সি জানায়, হাসপাতালের জরুরি বিভাগের ওপরও হামলা চালানো হয়েছে।

এর আগে, শনিবার খান ইউনিসের কাছে এক ইসরাইলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর আরেক সদস্য সালাহ আল-বারদাউইল নিহত হন। হামাস জানায়, ৬৫ বছর বয়সী বারদাউইল ও তার স্ত্রী আল-মাওয়াসি শিবিরে নিহত হন।

ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা বারদাউইলকে লক্ষ্যবস্তু করেছিল। তাদের ভাষ্য, ‘তিনি হামাসের কৌশলগত ও সামরিক পরিকল্পনা পরিচালনা করতেন।’ সেনাবাহিনী আরও জানায়, ‘তার নির্মূল হওয়া হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতাকে আরও দুর্বল করবে।’

 

সূত্র: যুগান্তর