সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইরান বলছে, দেশের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী দুটি যাযাবর গোষ্ঠী দুইটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, “কোহগিলুইয়েহ ওবোয়ের-আহমাদ প্রদেশের যাযাবররা এবং বাখতিয়ারিরা” ইরানের সশস্ত্র বাহিনীর উপস্থিতি থেকে বহু দূরের দুর্গম পাহাড়ি অঞ্চলে “দুইটি ব্ল্যাক হক হেলিকপ্টার সফলভাবে আঘাত করেছে”।

বিবিসি মন্তব্যের জন্য যুক্তরাষ্ট্রের সেন্টকমের সাথে যোগাযোগ করেছে।
যাযাবর জনগোষ্ঠী এবং বাখতিয়ারিরা ঐতিহ্যগতভাবে ইরানের উপজাতীয় জনগণ হিসেবে পরিচিত—কঠোর, মৌসুমি স্থানান্তরের জন্য তাদের খ্যাতি রয়েছে। পাহাড়ি দুর্গম এলাকায় বন্য প্রাণী এবং চুরি থেকে তাদের পশুপাল ও ক্যাম্প রক্ষার জন্য তারা সাধারণত রাইফেল বহন করে থাকে।
বিবিসি ভেরিফাই শুক্রবারের একটি ভিডিও নিশ্চিত করেছে, যেখানে দেখা যায় অন্তত তিনজন সশস্ত্র ব্যক্তি দুইটি ব্ল্যাক হক হেলিকপ্টারের দিকে গুলি চালাচ্ছেন বলে মনে হয়।
বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী সিবিএস জানিয়েছে, এফ-১৫ই জেট থেকে উদ্ধার করা পাইলটকে বহনকারী একটি হেলিকপ্টার ছোট অস্ত্রের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়, ফলে ক্রু সদস্যরা আহত হন, তবে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করে।
কোহগিলুইয়েহ ও বোয়েরুআহমাদ প্রদেশের উপ-গভর্নরও বলেছেন, শুক্রবার স্থানীয় মানুষজন “শত্রু হেলিকপ্টারগুলোর” দিকে রাইফেল দিয়ে গুলি চালায়, যা “তাদেরকে প্রদেশের কোথাও অবতরণ করতে বাধা দেয়”।
সূত্র: বিবিসি বাংলা










