সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইন্ডিগো ফ্লাইটে সহযাত্রীর চড় খাওয়ার পর নিখোঁজ এক ব্যক্তি, দাবি পরিবারের

নিউজ ডেস্ক২ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
ইন্ডিগো ফ্লাইটে সহযাত্রীর চড় খাওয়ার পর নিখোঁজ এক ব্যক্তি, দাবি পরিবারের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইন্ডিগোর একটি বিমানে মাঝআকাশে আতঙ্কিত এক যাত্রীকে চড় মারার ঘটনা ভাইরাল হওয়ার পর সেই ব্যক্তিই নিখোঁজ বলে দাবি করেছে তার পরিবার।  নিখোঁজ ওই যাত্রীর নাম হুসেইন আহমেদ মজুমদার (৩২)। আসামের কাছাড় জেলার বাসিন্দা তিনি।

ঘটনাটি ঘটে শুক্রবার (১ আগস্ট) মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলচরগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই-২৩৮৭-এ।

মাঝআকাশে হঠাৎ তীব্র আতঙ্ক বা প্যানিক অ্যাটাকের শিকার হন হুসেইন। ভিডিও ফুটেজে দেখা যায়, দুজন কেবিন ক্রু তাকে নামাতে সহায়তা করছিলেন, তখনই পাশের আসনে বসা আরেক যাত্রী হঠাৎ তাকে চড় মারেন। কেবিন ক্রুরা হামলাকারী যাত্রীকে থামানোর চেষ্টা করেন এবং অপর এক যাত্রীও এ ধরনের সহিংস আচরণের প্রতিবাদ জানান। 

আক্রমণকারীকে চিহ্নিত করা হয়েছে হাফিজুল রহমান নামে।

তিনি বিমান কলকাতায় অবতরণের পর সিআইএসএফের কাছে আটক হন এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে হুসেইনের পরিবারের দাবি, তিনি এখনো শিলচরে পৌঁছাননি এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। শুক্রবার বিকেলে সাংবাদিকদের তারা জানান, এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
তিনি মুম্বাইয়ের একটি হোটেলে কাজ করতেন এবং এই রুটে আগেও বহুবার যাতায়াত করেছেন। 

হুসেইনের বাবা আবদুল মান্নান মজুমদার জানান, শুক্রবার সকালে কিছু আত্মীয়-স্বজন শিলচর বিমানবন্দরে তাকে নিতে গিয়েছিলেন, তখনো তারা ঘটনার বিষয়ে কিছু জানতেন না। কিন্তু তিনি আসেননি। পরে ভাইরাল ভিডিও দেখে তাকে শনাক্ত করেন এবং যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। তার বাবা আবদুল মান্নান মজুমদার বলেন, ‘আমরা পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেছি এবং বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফকেও জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই।

পরিবার জানিয়েছে, ইন্ডিগো বা বিমানবন্দর কর্তৃপক্ষ কেউই তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। তারা বিমানবন্দরে নিযুক্ত কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী কর্মকর্তাদেরও অবহিত করেছেন।

ইন্ডিগো এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে ঘটে যাওয়া শারীরিক সহিংসতার ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীকে ‘অশান্ত ও হিংস্র’ ঘোষণা করে নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয় এবং নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে বিবৃতিতে চড় খাওয়া যাত্রীর পরিচয় বা পরবর্তী অবস্থান সম্পর্কে কিছু জানানো হয়নি। হুসেইনের নিখোঁজ হওয়া এবং প্যানিক অ্যাটাকের পর এমন সহিংস ঘটনার শিকার হওয়ার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার ও স্থানীয়রা। তারা দ্রুত তার সন্ধান এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছে।